আনিসুজ্জামান: নিবে যাওয়া এক দেউটি

~ প্রশান্ত ত্রিপুরা ~

২০১৩ সালের এক অক্টোবর সন্ধ্যায় অধ্যাপক আনিসুজ্জামানের উদ্দেশ্যে একটা ‘খোলা চিঠি’ লিখেছিলাম আমি, যেটির শেষ কথাটা ছিল, ‘স্যার, আপনি ভাল থাকুন, আঁধারে ভরা বুদ্ধিবৃত্তিক ভুবনে উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে জ্বলতে থাকুন।‘ এই আলোকবর্তিকা বা দেউটি শারীরিক অর্থে ‘নিবে’ যান  – অর্থাৎ মৃত্যুবরণ করেন – ২০২০ সালের ১৪ই মে। সে সময় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর প্রেক্ষিতে লেখা আমার দু’টি ফেসবুক পোস্ট তথা আরও কিছু প্রাসঙ্গিক তথ্য ও ছবি একত্র করে সাজানো হয়েছে এই পোস্ট। (উল্লেখ্য, এই পোস্টে ‘নেবা’ বানান তথা ‘নিবে যাওয়া দেউটি’ কথাটি সচেতনভাবেই লেখা হয়েছে, যে বিষয়ক ব্যাখ্যা রয়েছে লেখার পরিশিষ্ট ১-এ।)  

অধ্যাপক আনিসুজ্জামানের বিদায়ে তাঁর স্মৃতি-বিষয়ক একটা টীকা

(লেখার এই অংশটার উৎস হল অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর পরের দিন অর্থাৎ ২১শে মে ২০২০ তারিখের একটি ফেসবুক পোস্ট)

স্মৃতির উপর যে খুব একটা ভরসা করা যায় না, তা আমরা অনেকেই বুঝতে পারি নিজেদের বিভিন্ন অভিজ্ঞতায়। আমার জন্য এমন একটা উপলক্ষ এসেছিল অধ্যাপক আনিসুজ্জামান যখন ‘বিপুলা পৃথিবী’ নামে প্রথম আলো-তে ধারাবাহিকভাবে তাঁর স্মৃতিকথন প্রকাশ করছিলেন, সেটির নভেম্বর ৭, ২০০৮-এ প্রকাশিত একটা কিস্তি হাতে পেয়ে, যেখানে অপ্রত্যাশিতভাবে তিনি আমার সাথে তাঁর একটি সাক্ষাতের কাহিনি তুলে ধরেছিলেন। তাঁর স্মৃতি অনুযায়ী ‘রাঙামাটি’তে আমাদের এক সাক্ষাতের বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছিলেন,

রাঙামাটিতে আমি সামরিক বাহিনীর জিপে করে চলেছি, দেখি, উল্টো দিক থেকে রিকশায় করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃতত্ত্ব বিভাগের শিক্ষক, আমার বিশেষ স্নেহভাজন প্রশান্ত ত্রিপুরা। আমি জিপ থামিয়ে দৌড়ে তাকে গিয়ে ধরলাম। একরাশ বিস্ময় নিয়ে সে বললো, ‘আপনি, সার্!’ আমার মনে হলো, জুলিয়াস সিজার নাটকে ব্রুটাসের ছুরিকাঘাতে আহত সিজারের উক্তি, তুমিও ব্রুটাস, যেন আবার ধ্বনিত হলো। প্রশান্তকে বললাম, ‘সার্কিট হাউজে আছি। সন্ধ্যার পর এসো। অনেক কথা আছে।’ প্রশান্ত আসেনি। সামরিক বাহিনীর জিপে আমাকে দেখার পর হয়তো তার আর আমার কাছে আসতে ইচ্ছে হয়নি।

অধ্যাপক আনিসুজ্জামানের কাছে যে ‘খোলা চিঠি’ আমি আমার ব্লগে প্রকাশ করেছিলাম ২৮/১০/১৩ তারিখে, সেখানে কথাপ্রসঙ্গে উপরে উদ্ধৃত তাঁর স্মৃতিচারণ তুলে ধরে আমি যোগ করেছিলাম, “আপনার বিবরণে একটা ছোট্ট অসঙ্গতি আছে। যতদূর মনে পড়ে, আপনার সাথে আমার উপরে বর্ণিত সাক্ষাত হয়েছিল খাগড়াছড়িতে। আপনার বর্ণনাতে যে লিখেছেন, আমি রিকশায় ছিলাম, সে তথ্যও তাই ইঙ্গিত দেয় (কেননা রাঙামাটিতে কোন রিকশা নেই)। কাজেই পারলে জায়গার নামটা শুধরে নেবেন (যদি ‘বিপুলা পৃথিবী’ বই আকারে ছাপা হয়ে থাকে বা আগামীতে এর কোন নূতন সংস্করণ বের হয়।)”

‘বিপুলা পৃথিবী’ একসময় (২০১৫ সালে) ঠিকই বই আকারে বের হয়েছে, কিন্তু প্রকাশিত বইটি হাতে পাওয়ার পর দেখেছিলাম, সেখানে উপরের উদ্ধৃতিটি হুবহু আগের মতই আছে (পৃষ্ঠা ৫০১-এ)। তবে এক্ষেত্রে অধ্যাপক আনিসুজ্জামানকে আমি দোষ দেব না, কারণ তাঁর সুদীর্ঘ কর্মজীবনে তিনি বহুজনের সাথে নানান পরিসরে মিশেছেন, এবং তাঁদের অনেকের কথা, বহু ঘটনার স্মৃতি, তুলে ধরতে গিয়ে কিছুক্ষেত্রে তাঁর স্মৃতি হয়ত তাঁকে ফাঁকি দিয়ে থাকবে, সেটাই স্বাভাবিক। স্মৃতির এই খামখেয়ালিপনা আমি নিজেই নতুন করে টের পেয়েছি গতকালই [অর্থাৎ ১৪ই মে, ২০২০], আনিসুজ্জামান স্যারের মৃত্যুর খবরে তাঁকে লেখা আমার আরেকটি ‘খোলা চিঠি’র আকারে একটা ফেসবুক পোস্ট লিখতে গিয়ে।

[১৪/৫/২০২০ তারিখের] পোস্টটি লেখার সময় আমার মনে হয়েছিল, অধ্যাপক আনিসুজ্জামানের সাথে আমার শেষ দেখা হয়েছিল ২০১৬ সালের ৫ই অক্টোবর, যেদিন ঢাবির কলাভবনের তাঁর অফিসকক্ষে তাঁর সাথে দেখা করতে গিয়েছিলাম [পরিশিষ্ট ২]। কিন্তু পরে ফেসবুকে একজন সহকর্মীর পোস্ট করা একটি ছবি দেখে আমার খেয়াল হল, আসলে স্যারের সাথে আমার আরেকবার দেখা হয়েছিল, ২০১৯-এর ডিসেম্বরে, একটি অনুষ্ঠানে। অনেক মানুষের ভিড়ে সেখানে তাঁর সাথে কুশল বিনিময়ের বাইরে আলাদা করে কোনো আলাপ না হলেও স্যার যখন অনুষ্ঠানস্থল থেকে চলে যাচ্ছিলেন, আমি তাঁকে হাত ধরে বেশ কিছুদূর হেঁটে এগিয়ে দিয়েছিলাম তাঁর গাড়ি পর্যন্ত।

মাত্র পাঁচ মাস আগের উক্ত স্মৃতিই যেখানে আমি নিজে বেমালুম ভুলে বসে ছিলাম, সেখানে অধ্যাপক আনিসুজ্জামান ১৯৯৭ সালের ‘শান্তি চুক্তি’ সম্পাদিত হওয়ার আগে কোনো একসময় পার্বত্য চট্টগ্রামের কোথাও রাস্তায় আমার সাথে হঠাৎ দেখার ভিত্তিতে মিনিট খানেক আলাপের যে বিবরণ প্রায় এক যুগ পর প্রকাশ করেছিলেন, তাতে যদি আমার চেয়ে বয়সে পঁচিশ বছর বড় একজন মানুষের স্মৃতি তাঁকে একটু ফাঁকিও দিয়ে থাকে, তাতে অবাক হওয়ার কিছু নেই।

যাই হোক, অধ্যাপক আনিসুজ্জামানের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার দিনটা তাঁর স্মৃতিনির্ভর ‘বিপুলা পৃথিবী’র সাহিত্যগুণ বা ঐতিহাসিকতা নিয়ে দীর্ঘ কোনো আলোচনার জন্য যথাযথ সময় নয়। কথা পরে হতে পারে। তিনি নিজেই বিপুলা পৃথিবী শেষ করেছেন এভাবে, “কথা ফুরোয় না, সময় ফুরিয়ে যায়। লেখায় ছেদ টানা যায়, জীবন কিন্তু প্রবহমান। জীবন ক্রমাগত সামনের দিকে চলে। আমাদের পথচলা এক সময়ে থেমে যায়, জীবন থামে না।”

পরিশিষ্ট ১: ‘একে একে নিবিছে দেউটি, নাকি ‘একে একে নিভিছে দেউটি’?

(অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুর প্রেক্ষিতে ‘একে একে  নিভিছে দেউটি’ শিরোনাম-সম্বলিত এক বা একাধিক প্রতিবেদন/প্রতিক্রিয়া চোখে পড়ার প্রেক্ষিতে  ১৫/৫/২০২০ তারিখে লেখা একটি ফেসবুক পোস্ট।)

‘একে একে নিভিছে দেউটি’ কথাটির ঠিকুজি ঘাঁটতে গিয়ে একটা বিষয় আবিষ্কার করলাম, এটির মূলানুগ রূপ হবে ‘একে একে নিবিছে দেউটি’, যার আদি উৎস হল মাইকেল মধুসূদনের কাব্য, যেখানে লঙ্কা নিয়ে বিলাপ করতে গিয়ে রাবণ এক জায়গায় বলছেন, “হে মোর সুন্দরী পুরী! কিন্তু একে একে ফুল শুখাইছে এবে, নিবিছে দেউটি; নীরব রবাব, বীণা, মুরজ, মুরলী। তবে কেন আর আমি থাকি রে এখানে?” এরপর এই পঙ্‌ক্তিগুলি থেকে সংক্ষেপে ‘একে একে নিবিছে দেউটি’ কথাটি ব্যবহার করেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাঁর ‘সাহিত্যসম্মিলন’ নামের একটি প্রবন্ধে।

উল্লিখিত প্রবন্ধে এক জায়গায় কথাপ্রসঙ্গে রবীন্দ্রনাথ অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাহিত্যের শ্রীবৃদ্ধির বিপরীত সম্পর্কের দিকে ইঙ্গিত করে বলতে শুরু করেন, “কোনো দেশে যখন অতিমাত্রায় প্রয়োজনের কাড়াকাড়ি পড়িয়া যায় তখন সেখানে সাহিত্য নির্জীব হইয়া পড়ে। কারণ, প্রয়োজন পরকে আঘাত করে, পরকে আকর্ষণ করে না।” এ প্রসঙ্গে তিনি জার্মানির উদাহরণ দেন এভাবে, “জর্মনিতে যখন লেসিং, গ্যটে, শিলর, হাইনে, হেগেল, কান্ট্‌, হুম্‌বোল্‌ড সাহিত্যের অমরাবতী সৃজন করিয়াছিল তখন জর্মনির বাণিজ্যতরী-রণতরী ঝড়ের মেঘের মতো পাল ফুলাইয়া পৃথিবী আচ্ছন্ন করিতে ছুটে নাই। আজ বৈশ্যযুগে জর্মনির যতই মেদবৃদ্ধি হইতেছে ততই তাহার সাহিত্যের হৃৎপিণ্ড বলহীন হইয়া পড়িতেছে।”

উপরের বক্তব্যের ঠিক পরেই রবীন্দ্রনাথ ‘একে একে নিবিছে দেউটি’ কথাটি প্রয়োগ করেন ইংরেজি সাহিত্যের দিকে নজর দিতে গিয়ে, যে বিষয়ক পুরো বাক্য এখানে তুলে ধরা হল: “ইংরেজও আজ নিজের ভাণ্ডার পূরণ করা, দুর্বলকে দুর্বলতর করা এবং সমস্ত পৃথিবীতে একমাত্র অ্যাংলোস্যাক্‌শন মহিমাকেই গণ্ডারের নাসাগ্রস্থিত একশৃঙ্গের মতো ভীষণভাবে উদ্যত রাখাকেই ধর্ম বলিয়া গণ্য করিয়াছে; তাই সেখানে সাহিত্যরঙ্গভূমিতে ‘একে একে নিবিছে দেউটি’ এবং আজ প্রায় ‘নীরব রবাব বীণা মুরজ মুরলী’।”

আমার প্রশ্ন হচ্ছে, ‘একে একে নিভিছে দেউটি’ কথাটি (‘নিভিছে’ বানানে) ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু হল কবে থেকে? এবং এটি আজকাল যাঁরা কথায় কথায় প্রয়োগ করেন, তাঁরা কতটা জানেন কোত্থেকে এটি এসেছে? …

উল্লেখ্য, অভিধান ঘেঁটে এটাও দেখতে পেয়েছি যে, বাংলায় বাতির বেলায় প্রযোজ্য ‘নেভা’ বা ‘নেভানো’ বিষয়ক ক্রিয়াপদগুলি আগে লেখা হত ‘নিবা’, ‘নেবা’ ইত্যাদি বানানে, অন্ততঃ রাজশেখর বসুর চলন্তিকা-য় শুধু এগুলিই দেখানো আছে, ‘নেভা’ বা ‘নিভা’ নেই। বাংলা একাডেমির অভিধানে অবশ্য উভয় বানান পাশাপাশি দেখানো হয়েছে, তবে সেখানেও ‘নিবা’কেই মূল দেখিয়ে তার পাশে ‘নেভা’ রাখা রয়েছে, আলাদাভাবে নয় (আপাতদৃষ্টিতে সংস্কৃত ‘নির্বাপণ’ থেকে এসেছে ‘নিবা’, ‘নিবানো’ ইত্যাদি)।

সবকিছু দেখার পর আমার কাছে এটা একটু পরিহাসের বিষয়ই মনে হচ্ছে যে, বাংলার স্বনামধন্য অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে সংবাদ শিরোনাম থেকে শুরু করে ফেসবুক স্ট্যাটাস আপডেট – অনেক জায়গাতেই ভেসে বেড়াচ্ছে ‘একে একে নিভিছে দেউটি’ কথাটি। যাঁর সম্পর্কে এটি লেখা হয়েছে, তিনি নিজে এ বিষয়ে কী বলতেন কে জানে!

পরিশিষ্ট ২: অধ্যাপক আনিসুজ্জামানের সাথে তাঁর ঢাবির অফিস কক্ষে একদিন

(এই পরিশিষ্টটি ‘অধ্যাপক আনিসুজ্জামানের কাছে আমার আরেকটি খোলা চিঠি‘ শিরোনামে প্রকাশিত একটি ফেসবুক নোট-এর সম্পাদিত অংশবিশেষ)

২০১৬ সালের ৫ই অক্টোবর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম অধ্যাপক আনিসুজ্জামানের সাথে দেখা করতে, এবং তাঁকে আমার বহুজাতির বাংলাদেশ: স্বরূপ অন্বেষণ ও অস্বীকৃতির ইতিহাস  বইটির একটা কপি দেব বলে। সেই বইয়ে তাঁকে উদ্দেশ্যে করে লেখা আমার ২০১৩ সালের খোলা চিঠিটা রয়েছে। বইটা অধ্যাপক আনিসুজ্জামানকে দেওয়ার সময় তিনি আমাকে জানান, ওটি আগেই বইমেলা থেকে সংগ্রহ করেছিলেন, এবং শুরুতে তাঁকে লেখা আমার খোলা চিঠিটাই পড়েছিলেন। এটির ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়াতে তিনি বলেছিলেন, “তুমিতো অন্যায় কোনো কথা লেখনি!”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এমেরিটাস হিসাবে অধ্যাপক আনিসুজ্জামানের জন্য একটা অফিস কক্ষ বরাদ্দ ছিল ঢাবির কলাভবনে। সেই অফিসে তিনি নিয়মিত সপ্তাহে অন্তত একদিন বসতেন! আমি যখন গিয়েছিলাম, তখন সেখানে আরো দু’একজন সাক্ষাতপ্রার্থী এসে পড়াতে আমি খুব বেশিক্ষণ বসিনি আর সেদিন। সেই দর্শনার্থীদের একজন আমার ফোনে তুলে দিয়েছিলেন অধ্যাপক আনিসুজ্জামান ও আমার কিছু ছবি, যেগুলির দু’টি এখানে জুড়ে দেওয়া হল (একটাতে দেখা যাচ্ছে স্যারের বিপুলা পৃথিবী বইটির যে পূর্ব-সংগৃহীত কপি আমি সাথে করে নিয়ে গিয়েছিলাম, তিনি সেটাতে অটোগ্রাফ দিচ্ছেন; অন্যটাতে দেখা যাচ্ছে আমি তাঁকে আমার বহুজাতির বাংলাদেশ বইটা দিচ্ছি,যেটাতে তাঁকে লেখা আমার ‘খোলা চিঠি’ রয়েছে।)।

কুসংস্কারের এপিঠ ওপিঠ

~ প্রশান্ত ত্রিপুরা ~

কুসংস্কার শব্দটি বাংলা ভাষায় সম্ভবত চালু হয়েছিল ব্রিটিশ শাসনামলে, ইংরেজি superstition-এর প্রতিশব্দ হিসাবে।[1] বাংলা একাডেমি (২০১৩) প্রণীত বিবর্তনমূলক বাংলা অভিধান-এ ‘ভ্রান্ত বিশ্বাস’ অর্থে কুসংস্কার শব্দটির সবচেয়ে পুরানো যে নমুনা রয়েছে, তা  ১৮২৮ সালের, সমাচার দর্পণ পত্রিকা থেকে নেওয়া। সেখানে একই শব্দের নমুনা হিসাবে  রবীন্দ্রনাথ ঠাকুরের লেখালেখি থেকে নেওয়া দু’টি উদ্ধৃতিও রয়েছে, যেগুলির একটি হল ১৯০৮ সালের নিম্নরূপ একটি বক্তব্য: ‘ব্রাহ্মসমাজ  হিন্দুসমাজ প্রচলিত কুসংস্কার বিসর্জন দিয়াছেন।‘  বলা বাহুল্য, আলোচ্য শব্দটির শুরুতে থাকা ‘কু’ উপসর্গই বলে দেয় ‘কুসংস্কার’ একটি খারাপ বিষয়। এটি দিয়ে সচরাচর এমন সব বিশ্বাস, আচার বা প্রথাকে বোঝায় যেগুলি ভ্রান্ত, অযৌক্তিক, ‘মান্ধাতার আমলের’ ও পরিত্যাজ্য হিসাবে বিবেচিত। আমার এই লেখায়, যা আমি লিখতে বসেছি ফেসবুকে চোখে পড়া একটা বিতর্কের প্রেক্ষাপটে, ‘কুসংস্কার’ প্রসঙ্গে আমি মূলত নৃবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসাবে কিছু কথা বলব। এক্ষেত্রে ‘কুসংস্কার’ হিসাবে আখ্যায়িত বিভিন্ন বিষয় ‘ভালো’ না ‘মন্দ’, সেই বিচারে না গিয়ে সেগুলিকে সংশ্লিষ্ট বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝার প্রয়োজনীয়তার উপরই আমি বেশি নজর দেব।

ফেসবুকে চোখে পড়া যে বিতর্কের প্রেক্ষিতে আমি এই লেখায় হাত দিয়েছি, সেটা ঠিক কবে কিভাবে শুরু হয়েছে – কারা এতে অংশ নিয়ে কী বলেছেন – আমার সেভাবে জানা হয়ে ওঠেনি। তবে যতটুকু বুঝলাম, রাঙ্গামাটিতে ১৭-১৮ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত The Roots Festival নামের একটি উৎসবের অংশ হিসাবে অনুষ্ঠানস্থলের চৌহদ্দিতে থাকা একটি রাস্তা যেভাবে সাজানো হয়েছিল (নিচের ছবি দ্রষ্টব্য), সেখানে উপরের দিকে টাঙিয়ে রাখা অনেকগুলি ‘পিনোন’ (চাকমা নারীদের পরিধেয় পোশাক) নিয়ে অনেকে হয়তবা প্রশ্ন বা আপত্তি উঠিয়েছিলেন, আবার অনেকে বিষয়টিকে স্বাগত জানিয়েছিলেন। উত্থাপিত আপত্তির পেছনে অনেকে চাকমা সমাজে প্রচলিত একটি বিশ্বাস বা প্রথার প্রসঙ্গ টেনে এনে থাকতে পারেন সেটিকে ‘কুসংস্কার’ হিসবে চিহ্নিত করে, যেটা হল এই যে, নারীদের পিননের নিচ দিয়ে (যেমন, সেটা যদি উঠানে শুকাতে দেওয়া থাকে) পুরুষদের যেতে নেই, গেলে অমঙ্গল হয়। (এ প্রসঙ্গে একটু যোগ করি, ত্রিপুরাদের মধ্যেও একই ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে, যেমনটা আমি ছোটবেলায় খাগড়াছড়ির জন্মগ্রামে বেড়ে ওঠার সময় জেনেছিলাম।) আপাতদৃষ্টিতে একজন ‘আধুনিক শিক্ষাপ্রাপ্ত’ ব্যক্তি এমন বিশ্বাসকে স্রেফ ‘কুসংস্কার’ বলেই উড়িয়ে দিতে পারেন। তবে নৃবিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসাবে আমি শিখেছি, সমাজের কোনো বিশ্বাস বা প্রথা ‘সু’ না ‘কু’, সেটা বিচার করা নৃবিজ্ঞানীর কাজ নয়, বরং সে বুঝতে চেষ্টা করবে সংশ্লিষ্ট বিশ্বাস বা প্রথা ঠিক কিভাবে চর্চিত হয়, কিভাবে এর বিবিধ বহিঃপ্রকাশ ঘটে, এগুলিকে কে কখন কিভাবে দেখে, ইত্যাদি।

‘The Roots Festival’ উপলক্ষে ছবিতে উল্লিখিত প্রতিষ্ঠানের দেওয়া একটি ফেসবুক পোস্ট থেকে নেওয়া ছবি  

নৃবিজ্ঞানী এলান ডান্ডেস (Alan Dundes), যাঁকে আমি বার্কলেতে শিক্ষক হিসাবে পেয়েছিলাম, বলতেন যে ফোকলোর বা লোকসংস্কৃতির একটি অন্যতম উপাদান হিসাবে ‘সুপারস্টিশন’ নানান আকারে সব সমাজেই রয়েছে, এমনকি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকা ‘আধুনিক’ সমাজের সদস্যদের মধ্যেও ‘সুপারস্টিশন’ হিসাবে চিহ্নিত করা যায় এমন অনেক বিশ্বাস ও চর্চা রয়েছে।[2] তিনি মনে করতেন, বিভিন্ন ‘সুপারস্টিশন’-এর মধ্যে এক ধরনের সাধারণ কাঠামোগত বৈশিষ্ট্য রয়েছে, যা হচ্ছে এরকম, যদি ‘এ’ (করা হয়), তাহলে ‘বি’ (দেখা দেবে) (যেমন, যদি কোনো পুরুষ পিননের নিচে যায়, তাহলে তার অমঙ্গল হবে)।[3] তবে এই কাঠামোগত বৈশিষ্ট্য জানা একটা সুপারস্টিশনকে বোঝার জন্য যথেষ্ট নয়, বরং দেখতে হবে সংশ্লিষ্ট বিশ্বাস বা আচারের প্রয়োগ কারা কখন কোন প্রেক্ষিতে করে থাকে। এক্ষেত্রে লোকসংস্কৃতির যে কোনো উপাদানের মত কোনো সুপারস্টিশনের সামাজিক-সাংস্কৃতিক প্রয়োগকে ভালো করে বোঝার ক্ষেত্রে সেটির ‘টেক্সট’ ও ‘কনটেক্সট’ উভয় বিষয়ের বিস্তারিত বৃত্তান্ত লিপিবদ্ধ করে সেগুলির বিশ্লেষণের উপর গুরুত্ব দিতেন ডান্ডেস।  

রাঙ্গামাটিতে রুটস ফেস্টিভ্যাল চলাকালে রাস্তার উপর সাজানো অনেকগুলি পিননকে নিয়ে যে বিতর্ক উঠেছে, সেটার পেছনে লোকবিশ্বাসের পাশাপাশি সংশ্লিষ্ট সমাজে চলমান অন্য আরো কিছু বিষয়ও – যেমন, জেন্ডার সম্পর্ক/বৈষম্য ও এতদ্‌সংশ্লিষ্ট বিবিধ দৃষ্টিভঙ্গী, সংস্কৃতির পরিবর্তনশীলতা, বাজার ব্যবস্থার প্রভাব ইত্যাদি – নিঃসন্দেহে জড়িয়ে আছে। এগুলির সবই ডান্ডেস কর্তৃক গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত ‘কনটেক্সট’-এর অংশ। কাজেই পুরো কনটেক্সটকে বিবেচনায় না নিয়ে শুধু ফেসবুকে বিক্ষিপ্তভাবে চোখে পড়া দু’একটি পোস্টের ভিত্তিতে ‘পিনন’ সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে আর বিশেষ কিছু বলব না। এর পরিবর্তে আমি ‘কুসংস্কার’ শব্দটির ঢালাও (অপ)প্রয়োগের ব্যাপারে আমার নিজের দৃষ্টিভঙ্গী তুলে ধরব ভিন্ন আরেক প্রেক্ষাপটে, যেটা হল ২০২০ সালে হামের টিকার অভাবে শিশুমৃত্যুর খবর পত্রপত্রিকায় আসার প্রেক্ষিতে দায় এড়ানোর কৌশল হিসাবে প্রকারান্তরে ক্ষতিগস্ত জনগোষ্ঠীর উপরই দায় চাপানো হয়েছিল তাদেরকে ‘কুসংস্কারাচ্ছন্ন’ হিসাবে চিহ্নিত করার মাধ্যমে।[4]  এমন একটি প্রেক্ষাপটে আমি এপ্রিল ৯, ২০২০ তারিখে দেওয়া একটি ফেসবুক পোস্ট-এ যে কথাগুলি বলেছিলাম – যেগুলি নিচে তুলে ধরা হয়েছে – পাঠককে একটা ধারণা দেবে কেন ‘কুসংস্কার’ জাতীয় শব্দ গতানুগতিক অর্থে ব্যবহার না করে সেগুলিকে কারা কখন কেন প্রয়োগ করছে, সেগুলি নিয়ে প্রশ্ন তোলা দরকার।  

কু-সংস্কার!?

সীতাকুণ্ড, সাজেক, দীঘিনালা প্রভৃতি এলাকার সেবা-বঞ্চিত ত্রিপুরা শিশুরা আসলেই কু-সংস্কারের শিকার! শিক্ষাব্যবস্থা বা স্বাস্থ্যব্যবস্থায় যে ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার হওয়া দরকার ছিল, সেগুলির দিকে যথাযথ মনোযোগ না দিয়ে যাঁরা অবকাঠামো-কেন্দ্রিক কিন্তু জন-বিচ্ছিন্ন বিভিন্ন ‘উন্নয়নমূলক’ কাজ করে এসেছেন এ পর্যন্ত, তাঁদের এসব কার্যক্রমতো ‘কু-সংস্কার’ই, নয় কি?

উল্লেখ্য, ২০২০ সালে খাগড়াছড়িতে হামে বেশ কয়েকজন ত্রিপুরা শিশু আক্রান্ত হয়েছিল (এবং দু’একজন সম্ভবত মারাও গিয়েছিল), এই মর্মে খবর প্রকাশিত হওয়ার পর দায়িত্বশীল কোনো এক সরকারি কর্মকর্তা মন্তব্য করেছিলেন, আক্রান্ত এলাকার লোকজনের ‘কুসংস্কার’-এর কারণে তারা টিকা নেয় না, বা যথাযথ চিকিৎসা নেয় না, ইত্যাদি। এই প্রেক্ষাপটে আমি এপ্রিল ১০, ২০২০ তারিখে আরেকটি ফেসবুক পোস্ট লিখেছিলাম, যা নিচে তুলে ধরা হল:

একটা ভালো ‘কুসংস্কার’-এর কথা বলি? বেশ আগে আমার গবেষণার অংশ হিসাবে ত্রিপুরা জুমিয়া কৃষকদের কাছে জেনেছিলাম যে, বাদুড়ের গুহা আছে, এমন পাহাড়ে নাকি তাঁরা জুমচাষ করতেন না। এটা কি ‘কুসংস্কার’?[5]

এবার ‘কাকতালীয়’ একটা যোগসূত্রের কথা বলি, যা বন্ধুরাও হয়ত অনেকেই জেনেছেন সম্প্রতি। সার্স, মার্স থেকে শুরু করে কভিড-১৯-এর ভাইরাস সহ মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠা আরো একাধিক ভাইরাসের আদি উৎস খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা প্রায়শই কোনো না কোনো প্রজাতির বাদুড়ের হদিস পেয়েছেন। একই সাথে তাঁরা নতুন করে এটাও উপলব্ধি করছেন, নিত্যনতুন বৈশ্বিক মহামারী ঠেকাতে হলে অন্য সকল প্রাণীর আবাসস্থল ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতেই হবে (এ বিষয়ক যে সব লেখালেখি ইদানিং চোখে পড়ছে নিয়মিত, সেগুলির সর্বশেষ একটি নমুনা মন্তব্যের ঘরে)।

বিশ্বের বিভিন্ন প্রান্তে বহু প্রজন্ম ধরে আদিবাসীদের বিভিন্ন ‘কুসংস্কার’ কিন্তু পরিবেশ সংরক্ষণেই অবদান রেখে এসেছে অধিকাংশ ক্ষেত্রে!

অতএব, হে দেশি সাহেববৃন্দ, আপনারা যাঁরা দু’কলম ইংরেজি ও তিন পাতা ‘বিজ্ঞান’ মুখস্থ করেই প্রান্তিক হয়ে ওঠা নিজেদের তুতো ভাইবোনদের ‘কুসংস্কারাচ্ছন্ন’ বলতে শিখেছেন, একটু ভাবুন, অন্যের বিশ্বাসকে কুসংস্কার বলতে গিয়ে আপনি নিজেই নিজের জ্ঞানের সীমাবদ্ধতা বা দৃষ্টিভঙ্গীর সংকীর্ণতা জাহির করছেন কিনা। অথবা নিজেকে প্রশ্ন করুন, অন্যদের বিশ্বাসকে ‘কুসংস্কার’ বলে খারিজ করার আপনার অভ্যাসটাও এক ধরনের কুসংস্কার নয় কি?

তাহলে শেষ কথা কী দাঁড়াল? কোনো উৎসবে রাস্তার উপর অনেকগুলি ‘পিনন’ টাঙানো হয়েছে দেখে যারা আপত্তি করছেন, তাঁদের বক্তব্যকে স্রেফ ‘কুসংস্কার’-প্রসূত হিসাবে উড়িয়ে না দিয়ে পুরো বিষয়টিকে দেখা যেতে পারে সমাজে বিদ্যমান জেন্ডার সম্পর্ক, শ্রেণী, জাতিগত বৈচিত্র্য, বৃহত্তর আর্থসামাজিক ব্যবস্থা ইত্যাদির প্রেক্ষিতে চলমান বিভিন্ন দ্বন্দ্ববিরোধের একটি বিশেষ বহিঃপ্রকাশ হিসাবে। এক্ষেত্রে ‘আমি আধুনিক’, ‘আপনি মান্ধাতার আমলের কুসংস্কারাচ্ছন্ন মানুষ’ এমন কোনো সরল বিভাজন খুব একটা কাজের নয়,এটাই আমি বলব।

টীকা


[1] বিবর্তনমূলক বাংলা অভিধান-এ দুই ধরনের অর্থে (এক, আচার প্রথা ইত্যাদি; দুই, মেরামত, পরিবর্তন ইত্যাদি) ব্যবহৃত ‘সংস্কার’ শব্দটির প্রথমোক্ত বর্গের প্রাচীনতম যে নমুনা রয়েছে, তা ১৫৮০ সালের, বৃন্দাবন দাসের কোনো এক লেখা থেকে নেওয়া।  

[2] ডান্ডেসের পরিচয় ও দৃষ্টিভঙ্গী বিষয়ক আমার একটি সংক্ষিপ্ত লেখা রয়েছে এই ব্লগে, যেটির শিরোনাম/লিংক এখানে দেওয়া হল:  অ্যালান ডান্ডেস: কিংবদন্তী হয়ে ওঠা একজন লোকসংস্কৃতিবিশারদ।

[3] ‘সুপারস্টিশন’ হিসাবে চিহ্নিত বিভিন্ন বিশ্বাস ও সংশ্লিষ্ট চর্চাগুলিকে বোঝার জন্য নৃবিজ্ঞানীরা যে অর্থে ‘জাদু’র ধারণা ব্যবহার করে, তা খুবই প্রাসঙ্গিক। এ বিষয়ক কিছু আলোচনা রয়েছে এই ব্লগে থাকা আমার এই লেখায়: ‘ধর্ম, জাদু ও বিজ্ঞান’।

[4] প্রত্যন্ত এলাকায় হামের টিকার অভাবে শিশুমৃত্যুর ঘটনার খবরকে কিভাবে নানান কৌশলে ‘ধামাচাপা’ দেওয়ার চেষ্টা করা হয়েছে, এ বিষয়ক একটি প্রাসঙ্গিক পর্যালোচনা রয়েছে আমার সাম্প্রতিক এই ব্লগ পোস্টে:  ‘হামে ব্যাপক শিশুমৃত্যুর ঘটনা যে শিক্ষা আবার দিয়ে গেল’।

[5] এ প্রসঙ্গে আগ্রহী পাঠক পড়ে দেখতে পারেন পার্বত্য চট্টগ্রামে জুমচাষ শিরোনামে প্রকাশিত (অবন্তী হারুনের সাথে যৌথভাবে লেখা) আমার একটি গবেষণাগ্রন্থ।

হামে ব্যাপক শিশুমৃত্যুর ঘটনা যে শিক্ষা আবার দিয়ে গেল

 ~ প্রশান্ত ত্রিপুরা ~

পটভূমি

২০২৬ সালের মার্চ নাগাদ বাংলাদেশে হামের ব্যাপক প্রাদুর্ভাব ও এতে বহু শিশুর মৃত্যুর খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে চলে আসতে থাকে।[১] এই প্রেক্ষিতে ১০ই এপ্রিল ২০২৬ তারিখে গুগলে একটা প্রশ্ন করলাম, “হামে মারা যাওয়া শিশুরা কি দরিদ্র পরিবারের?” তাৎক্ষণিক যে উত্তরটা এআই দিল – যা আমার ধারণার সাথে মিলে গেছে – নিচে হুবহ তুলে দেওয়া হল:

হ্যাঁ, বর্তমানে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে যারা মারা যাচ্ছে, তাদের একটি বড় অংশই দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশু। তবে হাম যেকোনো শিশুকেই আক্রান্ত করতে পারে, যদি তারা প্রয়োজনীয় টিকা না পায়। 

দরিদ্র পরিবারের শিশুদের মৃত্যুর ঝুঁকি বেশি হওয়ার প্রধান কারণগুলো হলো:[২]

> অপুষ্টি: দরিদ্র পরিবারের অনেক শিশু নিয়মিত পুষ্টিকর খাবার বা প্রয়োজনীয় ভিটামিন-এ পায় না, যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়।

> টিকা থেকে বঞ্চিত: গত এক বছরে (২০২৫) হামের টিকাদানে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে, যার ফলে দেশের প্রায় ৪৪% শিশু টিকার বাইরে থেকে গেছে। এর বড় অংশই বস্তি বা দুর্গম এলাকার।

> চিকিৎসা সেবার অভাব: আইসিইউ (ICU) বা উন্নত চিকিৎসা সুবিধার অভাবে অনেক দরিদ্র পরিবারের শিশু জটিল পরিস্থিতিতে মারা যাচ্ছে।


উপরে তুলে ধরা পটভূমিতে নতুন করে পেশ করছি ২০১৭ সালে টিকার অভাবে সীতাকুণ্ডে বেশ কিছু শিশুর মৃত্যুর প্রেক্ষিতে লেখা আমার একটা নিবন্ধ, যার শিরোনাম ছিল ‘টিকার অভাবে প্রাণ হারানো সীতাকুণ্ডের শিশুরা যে শিক্ষা দিয়ে গেল’।[৩] নিচে সেই লেখাটি ঈষৎ হালনাগাদকৃত আকারে তুলে ধরা হয়েছে বিশেষ কোনো সম্পাদনা বা  সংযোজনী ছাড়াই (যেহেতু আগের কথাগুলো এখনও বহুলাংশে প্রযোজ্য, এবং নতুন করে বলারও তেমন কিছু নেই)।

উল্লেখ্য, অতীতে আমরা একাধিকবার দেখেছি যে হামের প্রাদুর্ভাবের খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, বা অস্বীকার করা হয়,  যদি আক্রান্ত জনপদ আদিবাসী-অধ্যুষিত কোনো প্রত্যন্ত এলাকায় পড়ে। এবার দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর সে খবর ধামাচাপা দেওয়ার বা অস্বীকার করার কোনো চেষ্টা হয়নি হয়ত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, যেসব শিশু মারা গেছে বা যাচ্ছে, তারা অধিকাংশই ২০১৭ সালে হামে মারা যাওয়া সীতাকুণ্ডের শিশুদের মতই কোনো না কোনো নিম্নবর্গীয় পরিবার বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে, নিচে যে নিবন্ধটি তুলে ধরা হয়েছে, সেটির প্রথম সংস্করণের শিরোনাম (১৭ জুলাই ২০১৭ একটি ফেসবুক নোট হিসাবে প্রকাশের সময়) ছিল ‘সীতাকুণ্ডের শিশুঘাতী ‘অজ্ঞাত রোগ’ বনাম সমাজদেহ ও রাষ্ট্রের জ্ঞাত অসুস্থতা’। এই ‘জ্ঞাত অসুস্থতা’র নানান উপসর্গ আমাদের চারদিকে নানান আকারে ছড়িয়ে আছে। হামে শিশুদের ব্যাপক প্রাণহানি তেমন কিছু উপসর্গই আমাদের সামনে নতুন করে নিয়ে এসেছে।    

টিকার অভাবে প্রাণ হারানো সীতাকুণ্ডের শিশুরা যে শিক্ষা দিয়ে গিয়েছিল

তথাকথিত এক ‘অজ্ঞাত রোগে’ সীতাকুণ্ডে ৯ ত্রিপুরা শিশুর মৃত্যু হয়েছে, এমন একটি খবর জুলাই ১২, ২০১৭ নাগাদ গণমাধ্যমে আসার পর আমার কিছু ফেসবুক বন্ধুর মত আমিও বিষয়টির ব্যাপারে কৌতূহলী হয়েছিলাম। তখন বিভিন্ন সূত্রে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে আমার মনে হয়েছিল, কথিত সেই ‘অজ্ঞাত রোগ’ আসলে ছিল হাম। সে অনুযায়ী জুলাই ১৪, ২০১৭ তারিখে ফেসবুকে একটা স্ট্যাটাস আপডেট লিখেছিলাম, যা ঈষৎ সংক্ষেপিত আকারে নিচে তুলে ধরছি। 

বিজ্ঞজনেরা বলেন, সরকার অস্বীকার করার আগ পর্যন্ত কোনো খবর বিশ্বাস করতে নেই। আজ সাত সকালে কথাটা মনে পড়ে গেল তথাকথিত অজ্ঞাত রোগে সম্প্রতি সীতাকুণ্ডে ৯ ত্রিপুরা শিশুর মৃত্যু প্রসঙ্গে। এ বিষয়ক খবর প্রথম গণমাধ্যমে আসে ১২ই জুলাই, যেদিন একটি ত্রিপুরা পল্লীতে একদিনে চারজন শিশুর মৃত্যু ঘটে। তার আগের চারদিনে নাকি আরো পাঁচজন শিশুর মৃত্যু ঘটেছিল একই গ্রামে। গণমাধ্যমে পরিবেশিত প্রাথমিক খবরে বলা হয়েছিল, ‘অজ্ঞাত রোগে’ সেই শিশুদের মৃত্যু ঘটেছে। কিন্তু এ বিষয়ক কিছু ফেসবুক পোস্ট দেখার পর আজ সকালে পুরো বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করলাম। তাতে মনে হল, কথিত ‘অজ্ঞাত রোগ’ মোটেও অজানা কিছু নয়। বরং সেটা সম্ভবত হাম, যে রোগকে ত্রিপুরারা ‘লুতি’ বলে থাকে।

অথচ অবাক হয়ে লক্ষ্য করলাম, গতকাল থেকে একাধিক মাধ্যমে খবর এসেছে, অজ্ঞাত রোগে নয়, সীতাকুণ্ডের ৯ শিশু মারা গিয়েছে ‘অপুষ্টিতে’! মনে প্রশ্ন জাগল: সত্যিই কি অপুষ্টির কারণে হুট করে এক সপ্তাহের মধ্যে ৯ জন শিশু মারা যেতে পারে, এবং আরো প্রায় অর্ধশত শিশু অসুস্থ হয়ে পড়তে পারে যাদের অনেককে হাসপাতালে নিয়ে আসা লাগে? এটা হতে পারে যদি মারাত্মক দুর্ভিক্ষ থাকে, কিন্তু তাহলে সে খবর কি আগেই গণমাধ্যমে আসার কথা ছিল না?          

সীতাকুণ্ডের সেই ত্রিপুরা পল্লীতে আসলেই হামের প্রকোপ চলছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছি না বটে, তবে স্থানীয় এক নারীর মুখেই ‘লুতি’ শব্দটা [যা দিয়ে ‘হাম’ বোঝায়] শুনেছি একটি টিভি সংবাদের ক্লিপে। পরে এক ফেসবুক বন্ধুর বর্ণনা থেকেও মনে হয়েছ রোগটা হামই (যদিও অনুবাদজনিত ভুলে সেটিকে তিনি ‘গুটি বসন্ত’ হিসেবে বর্ণনা করেছেন)। কিন্তু সরকারের ‘বিশেষজ্ঞ’দের মুখে হামের কথা উচ্চারিত হল না কেন?

আমার মনে হয়, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা যদি বুঝেও থাকেন, রোগটা হামই, তাঁরা পারতপক্ষে সে নাম মুখে আনবেন না। কারণ, হামের টিকা সারা দেশের শিশুদের দেওয়া হওয়ার কথা। কিন্তু দেশের কোথাও যদি এই কাজ ঠিকমত না করা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমাদের সরকার উন্নয়ন-বিষয়ক যেসব দাবি করে, তার পুরোটা সত্য নয়। অন্যদিকে দেশে যে ‘অপুষ্টি’ আছে, সেটা সরকারিভাবেই স্বীকৃত, তাই যদি বলা হয়, অপুষ্টির কারণে শিশুরা মারা গেছে, তাহলে তা শুনতে ও বলতে অতটা খারাপ লাগে না! অতএব হাম বা অন্য কোনো রোগে নয়, সীতাকুণ্ডের ৯জন ত্রিপুরা শিশু অপুষ্টিতেই মারা গেছে, সরকারের পক্ষ থেকে যদি এটাই শেষ পর্যন্ত বলা হয়, তাহলে আমাদের সেই খবরটা নিজেদের মত করেই বুঝে নিতে হবে।

এদিকে ঢাকার মহাখালীতে অবস্থিত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট নামক যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে, যেটি ইংরেজিতে Institute of Epidemiology, Disease Control and Research বা সংক্ষেপে IEDCR নামে পরিচিত, সেটির একটা প্রতিনিধিদল সীতাকুণ্ডে শিশুমৃত্যুর কারণ সরেজমিন অনুসন্ধান করছিলেন। তাঁদের অনুসন্ধানের ফলাফল জুলাই ১৭, ২০১৭ তারিখে জনসমক্ষে জানানো হবে, এটি জানার পর আমি আগ্রহের সাথে অপেক্ষা করছিলাম, আমার যে অনুমানের কথা ফেসবুকে প্রকাশ করেছিলাম, তা কতটা যথার্থ ছিল এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য। শেষ পর্যন্ত জানা গেল, আমাদের অনুমান অনুযায়ী সীতাকুণ্ডের শিশুরা আসলেই প্রাণ হারিয়েছিল কোনো ‘অজ্ঞাত রোগে’ নয়, বরং হামে। তবে এ বিষয়ক কোনো সংবাদ প্রকাশিত হওয়ার আগেই একটি ফেসবুক নোট-এর মাধ্যমে আমি এই নিবন্ধে তুলে ধরা কথাগুলি বলেছিলাম, যেগুলিতে স্বাস্থ্যখাতে প্রান্তিক মানুষদের বঞ্চনার প্রসঙ্গে কিছু সাধারণ প্রবণতার উপর আলোকপাত করা হয়েছে।

উল্লেখ্য, ঘটনাচক্রে জুলাই ১৬, ২০১৭ তারিখ IEDCR-এ আমি বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, এবং সেই সূত্রেই আমি পরের দিন উপরে উল্লিখিত ফেসবুক নোটটি লিখেছিলাম। সেখানে যেমনটা বলেছিলাম, আগের দিন IEDCR-এ আমার যাওয়ার উদ্দেশ্য সীতাকুণ্ডে নয়জন শিশুর প্রাণহানির বিষয়ে কোনো খবর নেওয়া ছিল না। তবে সেখানে যে কাজে গিয়েছিলাম, তাতে প্রসঙ্গটা ওঠানর সুযোগ ছিল, এবং সেটা আমি ঠিকই কাজে লাগিয়েছিলাম সেদিন। ব্যাপারটা খুলে বলছি। IEDCR-এর মাধ্যমে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি ডাক্তারদের ‘রোগতত্ত্ব’ বিষয়ক একটি নিবিড় প্রশিক্ষণ কর্মসূচী কয়েক দফা ধরে চলে আসছিল একটি বিদেশি সংগঠনের সহায়তায়। সেই প্রশিক্ষণে আমি ‘নৃবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে স্বাস্থ্য, অসুস্থতা ও চিকিৎসা ব্যবস্থার বহুবিধতা’ (Facing Otherness: Anthropological Perspectives on Health, Illness and Medical Pluralism) শীর্ষক একটি আড়াই ঘণ্টার অধিবেশন পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। এটির শিরোনামসহ বিস্তারিত আলোচ্য বিষয় সম্পূর্ণ নিজের মত করেই সাজানোর স্বাধীনতা আমার ছিল, তাই আগ্রহের সাথেই কাজটা আগেও তিন দফা করেছিলাম। সেই ধারাবাহিকতায় চতুর্থবারের জন্য একই ক্লাস নিতে গিয়েছিলাম জুলাই ১৬, ২০১৭ তারিখে, এবং বলা বাহুল্য, আমার উপস্থাপনার এক পর্যায়ে আমি প্রাসঙ্গিকভাবেই সীতাকুণ্ডে ৯ শিশুর দুর্ভাগ্যজনক মৃত্যুর বিষয়টি নিয়ে এসেছিলাম।

‘অজ্ঞাত রোগ’ বনাম রুগ্ন স্বাস্থ্যব্যবস্থা

সরকারি চিকিৎসা ব্যবস্থার সাধারণ অবস্থা এবং বিশেষ করে উপজেলা পর্যায়ে এর করুণ হাল সম্পর্কে যাঁরা খোঁজখবর রাখেন, তাঁরা জানেন যে আসলে আমাদের পুরো স্বাস্থ্যসেবাই রোগাক্রান্ত। এক্ষেত্রে রোগের মূল কারণ হল গণতন্ত্রহীনতা ও অপশাসন, এবং বিবিধ উপসর্গের মধ্যে রয়েছে দুর্নীতি, অপচয় ও সমন্বয়হীনতা। এছাড়া রয়েছে যাবতীয় সম্পদ ও ক্ষমতাকে রাজধানী-কেন্দ্রিক ও নগর-মুখী করে রাখার প্রবণতা, যা আমাদেরকে অনেক আগে বলা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে করিয়ে দেয়, “সমস্ত শরীরের রক্ত যদি মুখমণ্ডলে আসিয়া জমা হয়, তাহা হইলে তাহাকে স্বাস্থ্য বলা যায় না।”

সীতাকুণ্ডে ৯ শিশু প্রাণ হারানোর প্রেক্ষিতে ‘রোগতাত্ত্বিক’ দৃষ্টিকোণ থেকে যে ধরনের কারণই সামনে আসুক না কেন, রাজনৈতিক-অর্থনৈতিক কারণগুলিকে উপেক্ষা করার জো নেই। ইতোমধ্যেই জানা গেছে, তথাকথিত অজানা রোগে আক্রান্ত জায়গাটিতে সরকারি সেবার ‘রক্তপ্রবাহ’ – যেমন টিকাদান কর্মসূচী – ঠিকমত পৌঁছায় নি। চূড়ান্তভাবে সেবাবঞ্চিত এসব জনপদের খবর জনসমক্ষে আসলে সেগুলির জন্য ‘ক্র্যাশ প্রোগ্রাম’ নেওয়া হয়, কিন্তু এসব বিচ্ছিন্ন লোক দেখানো উদ্যোগ যে যথেষ্ট নয়, বরং পুরো সমাজ দেহে ও রাষ্ট্রে বাসা বাঁধা রোগসমূহের চিকিৎসাও যে করা দরকার, তা বলা বাহুল্য। এক্ষেত্রে উপজেলা পর্যায়ে কর্মরত ডাক্তারদের নিজেদের হাত পা হয়তবা অনেকটাই বাঁধা, কিন্তু জুলাই ১৬, ২০১৭ তারিখে আমি তাঁদের বেশ কয়েকজনকে মনে করিয়ে দিয়েছিলাম, নানান সীমাবদ্ধতার মধ্যেও যেসব কাজ তাঁরা করতে পারেন, সেগুলি ঠিকমত করা গেলেও অনেক করা হয়।

সীতাকুণ্ডে যে ৯ শিশু হামে মারা গিয়েছিল,  একটি পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল তাদের নাম ছিল হৃদয়, শিমল, কসম রায়,  রূপালী, জানিয়া, তাকিপতি, রমাপতি, প্রকায়তি ও কানাইয়া (সবার নামে ‘ত্রিপুরা’ রয়েছে)। সেই শিশুদের কোনো অভিভাবক, বা একজন স্বাস্থ্যকর্মী, অথবা স্থানীয় কোনো জনপ্রতিনিধি – কেউ না কেউ যদি যথাসময়ে তাদের প্রতি মমতা ও দায়িত্বশীলতার হাত বাড়িয়ে দিত, তাহলে তাদের কাউকে হয়ত হামের কারণে মরতে হত না।

ব্যক্তি হিসেবে আপনি বা আমি দিনবদলে যে ভূমিকা রাখতে পারি

উপরের সংক্ষিপ্ত আলোচনা থেকে একটা তাগিদ সামনে চলে এসেছে, সেটা হল, ‘সমাজ’ বা ‘রাষ্ট্র’ নামক কোনো সামষ্টিকতার উপর দায় চাপানোর মাধ্যমে আমরা যেন ব্যক্তি হিসেবে নিজেদের ক্ষমতা ও দায়িত্বের কথা বিস্মৃত না হই। এই কথাটাই আমি বলার চেষ্টা করেছিলাম জুলাই ১৬, ২০১৭ তারিখে IEDCR-এ প্রশিক্ষণে উপস্থিত উপজেলা পর্যায়ে কর্মরত ডাক্তারদের উদ্দেশ্যে আমার সমাপনী বক্তব্যে, যেটির স্মৃতিনির্ভর লিখিত সারাংশ নিচে তুলে ধরা হল। 

আপনারা যাঁরা উপজেলা পর্যায়ে কাজ করছেন, সেখানকার প্রান্তিক মানুষদের অনেক কিছুই দিতে পারেন। প্রথমত স্থানীয় লোকজন যাঁরা বিভিন্ন সমস্যায় আপনাদের কাছে আসেন, তাঁদেরকে মানুষ ও নাগরিক হিসেবে পূর্ণ মর্যাদা ও সম্মান দেওয়ার আছে। তাঁদের কেউ ক্ষুদ্র, হীন, নিচু, মূর্খ বা ‘উপ’ হিসেবে উপেক্ষিত হোক, তা নিশ্চয় আমাদের কাম্য নয়।

সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যুর ঘটনার পর এখন কেউ সেটার দায় নিতে চাচ্ছেন না, বরং অনেকে দুর্দশাগ্রস্ত গ্রামবাসীদের দিকেই আঙুল তুলছেন, বলার চেষ্টা করছেন তাঁদের অশিক্ষা, অসচেতনতা, কুসংস্কার ইত্যাদিই দায়ী। এমনও বলা হচ্ছে, টিকা দিতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা নাকি গ্রামে ঢুকতে বাধাগ্রস্ত হয়েছিলেন, তাই সেখানে আর যাননি। ধরা যাক আপনারা এমন কোনো এলাকার দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তা থাকা অবস্থায় এ ধরনের কোনো ঘটনা ঘটল। আপনাদের হাতে যেটুকু ক্ষমতা আছে, তা কাজে লাগিয়ে কি নতুন উদ্যমে স্বাস্থ্যকর্মীদের সেই গ্রামে পাঠানো যেত না? গ্রামবাসীদের কি ভালো করে বুঝিয়ে বলা যেত না টিকা কী, কেন সেটা দরকার? সীতাকুণ্ডে যদি কেউ তা করতেন, গত সপ্তায় সেখানে একসাথে ৯ ত্রিপুরা শিশুর মৃত্যুর ঘটনা হয়তবা ঘটত না।

ডাক্তার হিসেবে আপনাদের একটা পবিত্র দায়িত্ব ও ক্ষমতা রয়েছে মানুষের জীবন বাঁচাতে সহায়তা দেওয়ার। আপনারা বয়সে তরুণ, আমার বিশ্বাস আমাদের সমাজদেহ ও রাষ্ট্রে বাসা বাঁধা রোগ এখনো আপনাদের সেভাবে সংক্রমিত করেনি। আপনারা চাইলে নিশ্চয় নিজেদের সুস্থ রাখতে পারেন, নিজের জায়গা থেকেই অনেক কিছু করতে পারেন। কাজেই এটা যেন কখনো ভুলে না যান, YOU can make a difference!

বলা বাহুল্য, শুধু ডাক্তাররা না, সমাজ ও রাষ্ট্রের নানান সমস্যার ভেতরে থেকেও ব্যক্তি হিসেবে আমরা প্রত্যেক নাগরিকই এমন কিছু কাজ করতে পারি, যা আমাদের চারপাশে একটু হলেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সীতাকুণ্ডে টিকার অভাবে প্রাণ হারানো শিশুরা [তথা অতি সম্প্রতি, ২০২৬ সালের মার্চ-এপ্রিল নাগাদ, হামের প্রাদুর্ভাবে প্রাণ হারানো আরও বহু শিশু] যেনবা এই জানা কথাটাই আমাদের নতুন করে মনে করিয়ে দিয়ে গেল। 

পুনশ্চ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বা সংলগ্ন কোনো এলাকায় (যেমন সাজেকে) ‘অজ্ঞাত’ রোগে শিশুদের সংক্রমণ ও মৃত্যুর কিছু খবর পত্রপত্রিকায় বেরিয়েছিল ২০২০ সালের ২৯ শে মার্চ নাগাদ। ঘটনাক্রমে এক্ষেত্রেও আক্রান্ত জনপদগুলি ত্রিপুরা অধ্যুষিত ছিল। সেই প্রেক্ষিতে তখন ফেসবুকে আমি নিচের পোস্টটা লেখার পাশাপাশি ‘টিকার অভাবে প্রাণ হারানো সীতাকুণ্ডের শিশুরা যে শিক্ষা দিয়ে গেল’ শীর্ষক আমার ফেসবুক নোটটি নতুন করে শেয়ার করেছিলাম:

বারবার কেন ত্রিপুরা শিশুরাই (বেশি) মরছে তথাকথিত ‘অজ্ঞাত রোগে’? এ সংক্রান্ত প্রাসঙ্গিক একটি খবর, যা আজই বেরিয়েছে, আমাকে ইনবক্সে পাঠিয়ে একটু আগে এক বন্ধু বলেছেন, ত্রিপুরাদের নিয়ে গবেষণা করা দরকার। আমি বলব, কেন ত্রিপুরারাই বিভিন্ন কারণে বারবার মারা যায়, সেই ‘গবেষণা’ আমি বিনা পয়সায় করে দেব! তবে আমার একটা শর্ত আছে: জরুরি ভিত্তিতে আরেকটা প্রশ্ন সামনে রেখে গবেষণা করতে হবে, সেটা হল, আমাদের সরকারি স্বাস্থ্যব্যবস্থা তথা রাষ্ট্রের জ্ঞাত অসুস্থতা এবং আমাদের সামাজিক-রাজনৈতিক পঙ্গুত্ব কিভাবে সারিয়ে তোলা যায়?

উল্লেখ্য, পরে যখন এটা স্পষ্ট হতে থাকে যে কোনো ‘অজ্ঞাত’ রোগে নয়, বরং হামের প্রকোপেই শিশুমৃত্যুর ঘটনা ঘটেছিল, তখন সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে কেউ কেউ বিষয়টা স্বীকার করতে গিয়ে অনেক জায়গায় টিকা কার্যক্রম কেন ঠিকমত বাস্তবায়ন করা যায়নি, সেটার অজুহাত হিসাবে সামনে আনেন নতুন একটা বিষয়: স্থানীয় জনগোষ্ঠীদের ‘কুসংস্কার’। এই প্রেক্ষিতে ৯/৪/২০২০ তারিখের একটা ফেসবুক পোস্ট-এ যে কথাগুলি বলেছিলাম (নিচে তুলে দেওয়া) কিছুটা বিদ্রূপাত্মক ভাষায়, সেগুলি এখনও প্রাসঙ্গিক নয় কি?

কু-সংস্কার?

সীতাকুণ্ড, সাজেক, দীঘিনালা প্রভৃতি এলাকার সেবা-বঞ্চিত ত্রিপুরা শিশুরা আসলেই কু-সংস্কারের শিকার! শিক্ষাব্যবস্থা বা স্বাস্থ্যব্যবস্থায় যে ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার হওয়া দরকার ছিল, সেগুলির দিকে যথাযথ মনোযোগ না দিয়ে যাঁরা অবকাঠামো-কেন্দ্রিক কিন্তু জন-বিচ্ছিন্ন বিভিন্ন ‘উন্নয়নমূলক’ কাজ করে এসেছেন এ পর্যন্ত, তাঁদের এসব কার্যক্রমতো ‘কু-সংস্কার’ই, নয় কি?

টীকা


[১] বণিকবার্তায় ৫ এপ্রিল ২০২৬ প্রকাশিত এক সম্পাদকীয় নিবন্ধ থেকে জানা যায় যে,  “১৬ মার্চ [২০২৬] থেকে পরবর্তী ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর হয়েছে।“

[২] এআই-এর দেওয়া বিশ্লেষণের পেছনে যেসব সূত্র উল্লেখ করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে বণিকবার্তা-য় ৫ এপ্রিল ২০২৬ প্রকাশিত একটি সম্পাদকীয় নিবন্ধ – হামের সংক্রমণ ঠেকাতে সারাদেশে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বাড়াতে হবে – যেটি লিখেছেন ডা মুশতাক হোসেন; The Business Standard বাংলা (অনলাইন সংস্করণ)-এ ৭ এপ্রিল ২০২৬ প্রকাশিত একটি প্রতিবেদন – ঢাকার বস্তিতে হামের প্রাদুর্ভাব: অপুষ্ট শিশুরাই সবচেয়ে ঝুঁকিতে – যেটি লিখেছেন তাওছিয়া তাজমিম।     

[৩] ‘টিকার অভাবে প্রাণ হারানো সীতাকুণ্ডের শিশুরা যে শিক্ষা দিয়ে গেল’ শীর্ষক নিবন্ধটি জাতিরাষ্ট্রের কিনারায়: প্রান্তিকতার খাদ থেকে স্বপ্নের মহাকাশে শিরোনামে প্রকাশিত (সংহতি প্রকাশন, ঢাকা, ২০১৮) আমার প্রবন্ধ সংকলনে রয়েছে।

‘আদিবাসী শিল্প’ বলতে কী বোঝায় বা কী বোঝানো উচিত?

~ প্রশান্ত ত্রিপুরা ~

পটভূমি

এই নিবন্ধের শিরোনামে উত্থাপিত প্রশ্নটি নিয়ে কখন কেন আলোচনা করার কথা ভেবেছিলাম, শুরুতেই সেই প্রেক্ষাপটটি একটু বলে নিতে চাই।[1] এক্ষেত্রে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখ্য।

প্রথমত, ১৯৯৩ সাল থেকে আমি বাংলাদেশে ‘আদিবাসী’ ধারণার অর্থ ও প্রাসঙ্গিকতা নিয়ে বেশ ভেবেছি এবং লেখালেখি করেছি। আমাদের দেশে প্রায়ই দেখা যায় যে, ক্ষমতায় থাকা অনেক ব্যক্তি (তথা অন্যরাও অনেকে) দাবি করেন যে দেশে আগে সরকারিভাবে সচরাচর ‘উপজাতীয়’ হিসাবে অভিহিত করা হত, এমন জনগোষ্ঠীদের ‘আদিবাসী’ হিসেবে গণ্য করা যাবে না। এই পটভূমিতে, এ ধরনের দৃষ্টিভঙ্গীর পেছনে যে ধরনের শঠতা ও অসঙ্গতি রয়েছে, সেসবের প্রতি আঙুল তুলে আমি অনেক নিবন্ধ লিখেছি। একই সঙ্গে, আত্ম-পরিচয়ের বিভিন্ন বর্গ ব্যবহারের ক্ষেত্রে আমাদের নিজেদের আরও বেশি আত্ম-সমালোচনামূলক হওয়ার প্রয়োজনীয়তা নিয়েও আমি প্রচুর লিখেছি।

দ্বিতীয়ত, এই নিবন্ধের বিষয়বস্তু অনেকটা ২০১৩ সালের এপ্রিলে বাংলায় লেখা আমার একটি নিবন্ধ – ‘আদিবাসী কবিতা বলে কিছু আছে বা থাকা উচিত কি?’ – এর অনুরূপ। সেই বাংলা নিবন্ধের শিরোনামে যে প্রশ্নটি রয়েছে, তা অল্প সময়ের ব্যবধানে (২০১২ সালের নভেম্বর থেকে ২০১৩ সালের জানুয়ারির মধ্যে) দুবার আমার মনে এসেছিল। উভয় ক্ষেত্রেই আমি নিজেকে ‘আদিবাসী কবি’ হিসেবে পরিচয় দিতে অস্বীকৃতি জানিয়েছিলাম, যে তকমাটি আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল।

প্রথম ঘটনাটি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমি একসময় নৃবিজ্ঞানের শিক্ষক ছিলাম, কবিদের একটি আড্ডায় আমন্ত্রণ পাওয়া। সেই অভিজ্ঞতা নিয়ে ২০১২ সালের ১লা নভেম্বরে আমি ফেসবুকে নিচের স্ট্যাটাসটা[2] দিয়েছিলাম:

আজ ফোনে আমন্ত্রণ পেলাম আসন্ন একটা কবি সম্মেলনে, ‘আদিবাসী কবি’দের একটা সেশন আছে, তাতে। আমি কবি নই। যদি হতামও, ‘আদিবাসী কবি’ হিসাবে পরিচিত হতে চাইতাম না। সম্প্রতি একটা টক শোতে আমার যে পরিচয় দেওয়া হল – ‘একজন আদিবাসী গবেষক’ – আমার কানে লেগেছিল। ‘আদিবাসী’ পরিচিতির পক্ষে, ও এর স্বীকৃতির দাবীতে আমি লেখালেখি করেছি, এখনো করি। তাহলে কেন আমার এই অস্বস্তি ও আপত্তি? ‘আদিবাসী’ পরিচিতির দাবীটা রাজনৈতিক, এবং আমি মনে করি এই পরিসরেই এর প্রয়োগ সীমিত থাকা উচিত। এর বাইরে কবিতা, সাহিত্য ইত্যাদির অঙ্গনে এটির ঢালাও প্রয়োগ গোলমেলে, অনেক ক্ষেত্রে অর্থহীন, এমনকি অবমাননাকরও। আপনারা কি বলেন?

দ্বিতীয়বার একই ধরনের বিষয় নিয়ে আমাকে মাথা ঘামাতে হয়েছিল ২০১৩ সালের জানুয়ারিতে, যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন এক শিক্ষক, যিনি একটা বইয়ের সম্পাদক হিসাবে কাজ করছিলেন, আমাকে ফেসবুকের ইনবক্সে একটা বার্তা পাঠান। তিনি জানান যে তিনি একটি ‘আদিবাসী কবিতা সংকলন’ সম্পাদনা করছিলেন, এবং এতে ‘নির্বাসিত শব্দমালা’ শিরোনামে আমার একটা কবিতা অন্তর্ভুক্ত করার অনুমতি চান। আমি তাঁকে লিখে জানাই যে, ‘আদিবাসী কবি/কবিতা’ তকমাটি নিয়ে আমার আপত্তি আছে। তখন তিনি ফিরতি বার্তায় একটি সংক্ষিপ্ত যুক্তি দেখান, যার উত্তরে আমি আমার মতামত আর বিস্তারিত ব্যাখ্যা করতে পারিনি ব্যস্ততার কারণে। পরে দেখলাম, আমার অসম্মতি বা আপত্তি সত্ত্বেও কবিতাটি সেই সংকলনে প্রকাশিত হয়েছিল।

উল্লিখিত প্রেক্ষাপটেই আমি ২০১৩ সালের এপ্রিলে প্রকাশিত ‘আদিবাসী কবিতা বলে কিছু আছে বা থাকা উচিত কি?’  শীর্ষক নিবন্ধটি লিখেছিলাম। সেখানে আমি সরাসরি বলেছিলাম, “আমার এই নিবন্ধটি আদিবাসী কবি/কবিতা নামক বৃত্তকে ভেঙে ফেলার বা তা থেকে বেরিয়ে আসার একটি প্রচেষ্টা”। আমার এমন অভিজ্ঞতার পটভূমিতে যখন আমাকে ‘ঢাকা আর্ট সামিট ২০১৮’-এর একটি কর্মশালায় আমন্ত্রণ জানানো হয়, তখন আমি ‘আদিবাসী’ তকমার ঢালাও ব্যবহারের ব্যবহার বিষয়ক আমার আপত্তিকে ‘শিল্প’ বা ‘আর্ট’-এর সাথে যুক্ত করে এই নিবন্ধটি লেখার কথা ভাবি।[3]

ঢাকা আর্ট সামিট ২০১৮-এর কর্মশালায় লেখক

[মূল যে ইংরেজি নিবন্ধের ভিত্তিতে এই বাংলা ব্লগ পোস্ট বা এটির ইংরেজি সংস্করণ তৈরি করা হয়েছে, সেটিতে এই জায়গায় পরপর দু’টি অনুচ্ছেদে যথাক্রমে ১৯৯৩ সাল থেকে ‘আদিবাসী’ ধারণার সাথে আমার ব্যক্তিগত সম্পৃক্ততার কথা তথা বাংলাদেশে ‘আদিবাসী’ পরিচয়ের দাবির প্রতি ক্ষমতাসীন মহলে ক্রমশ জোরদার হতে থাকা অস্বীকৃতির বিষয় তুলে ধরা হয়েছে। ব্লগ ভাষ্যগুলিতে বাদ দেওয়া এই অনুচ্ছেদ দুটিতে যে ধরনের আলোচনা রয়েছে, সেগুলি সম্পর্কে আগ্রহী পাঠক ধারণা পাবেন এই ব্লগে থাকা নিচের নিবন্ধগুলিতে:

বি.দ্র.: উপরে দেওয়া তালিকার অনুরূপ কিছু লেখার সূত্র ইংরেজি ব্লগ পোস্টেও রয়েছে, তবে সেগুলি হুবহু এক নয়। আগ্রহী পাঠক চাইলে ইংরেজি ব্লগ পোস্টে গিয়ে সেখানে দেওয়া তালিকা/লিংক দেখে নিতে পারেন।]  

‘আদিবাসী বিতর্ক’ এবং নিজের ‘নির্বাসিত শব্দমালা’র সাথে আমার নতুন মোলাকাত

এই লেখায় উল্লেখ করার প্রয়োজন নেই, এমন কিছু কারণে ২০০১ সালে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছেড়ে দেশের ভেতরেই একজন পূর্ণকালীন উন্নয়নকর্মী হিসেবে কাজ করা শুরু করি।[4] এই নতুন ভূমিকায় ২০০১ থেকে ২০১২ সাল পর্যন্ত আদিবাসীদের সাথে আমার পেশাগত সম্পৃক্ততা ছিল, যেমন আদিবাসী শিশুদের জন্য মাতৃভাষা-ভিত্তিক বহুভাষী শিক্ষা প্রসারের ক্ষেত্রে। কিন্তু ২০১০~২০১১ সালের দিকে যখন বিভিন্ন গণমাধ্যমে ‘আদিবাসী ইস্যু’ ব্যাপক জনআলোচনা ও বিতর্কের কেন্দ্রে চলে আসে, তখন পেশাগত সীমাবদ্ধতার কারণে আমি তাতে সক্রিয়ভাবে অংশ নিতে পারিনি। অন্যদিকে এই পরিস্থিতি পাল্টে যায় ২০১২ সালের মাঝামাঝি নাগাদ, যখন আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ শুরু করি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় হয়ে উঠি। এই প্রেক্ষিতে ‘আদিবাসী’দের আত্মপরিচয় তথা অধিকারের দাবির বিরুদ্ধে অবস্থান নেওয়া গোষ্ঠীসমূহের বর্ণবাদী এবং অনেক ক্ষেত্রে স্ববিরোধী দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমিও সরব হতে শুরু করি।

আমার লেখালেখিতে আমি অবশ্য ‘আদিবাসী’ পরিচয় ও অধিকারের পক্ষ নেওয়া বিভিন্ন মহলে এই তকমাটি যেভাবে ব্যবহৃত হতো, তার প্রেক্ষিতেও একটি আত্ম-সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। বিশেষ করে ‘আদিবাসী’ বর্গের ভেতরেই চোখে পড়া কিছু পক্ষপাত বা সমস্যাজনক প্রবণতাকেও – যেমন শ্রেণিবৈষম্য, লিঙ্গবৈষম্য এবং সীমিত পরিসরের লোকদেখানো প্রতীকী উপস্থাপন (tokenism) – আমি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছি। এমন প্রেক্ষাপটেই আমি নিজের বেলায় একজন ‘আদিবাসী কবি’ হিসেবে পরিচিত হওয়ার ব্যাপারে আপত্তি জানাই, এবং এ সংক্রান্ত অভিজ্ঞতা আমাকে সাধারণভাবে ‘আদিবাসী কবিতা’ নামক বর্গটি নিয়ে প্রশ্ন তুলতে উদ্বুদ্ধ করে।

২০১৩ সালে লেখা আমার ‘আদিবাসী কবিতা বলে কিছু আছে বা থাকা উচিত কি?’ শীর্ষক লেখায় মূল যে ধরনের বক্তব্য আমি তুলে ধরতে চেয়েছিলাম, তা আরও পরিষ্কার করার জন্য আমার ‘নির্বাসিত শব্দমালা’ শীর্ষক কবিতাটি সম্পর্কে প্রাসঙ্গিক কিছু প্রেক্ষাপট তুলে ধরছি (যে কবিতা আমার সম্মতি ছাড়াই ‘আদিবাসী কবিতা’র দুটি ভিন্ন সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছিল)। আমার নিজের কাছে এই ‘কবিতা’টি মূলত ছিল একান্ত ব্যক্তিগত একটা নথি – আমার দিনলিপির একটি পাতা – যেখানে ১৯৮৯ সালের ৪ মে লংগদুতে সংঘটিত গণহত্যার প্রতিবাদে ১৯৮৯ সালের ২১ মে ঢাকায় পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি শিক্ষার্থীদের আয়োজিত একটি মৌন মিছিলে অংশ নেওয়ার পর আমার তখনকার অনুভূতি ধরে রাখতে চেয়েছিলাম।[5] সে অনুযায়ী, এই প্রেক্ষাপটটি উল্লেখ করেই আমি আমার এই ‘কবিতা’টি প্রথমবার ছাপাতে দিয়েছিলাম পার্বত্য চট্টগ্রাম-সংশ্লিষ্ট শিক্ষার্থীদের একটি সংগঠনের ম্যাগাজিনে। তবে, যখন আমি নিজের এই লেখা একটি ‘আদিবাসী কবিতা সংকলন’-এ নতুন করে আবিষ্কার করি, তখন বইটির শিরোনামে (‘অরণ্যের সুবাসিত ফুল’) স্পষ্ট হয়ে ওঠা রাজনীতিবিবর্জিত রোমান্টিকতা আমাকে বেশ ধাক্কা দিয়েছিল!

উল্লিখিত শিরোনামের সংকলনে আমার ‘নির্বাসিত শব্দমালা’ অন্তর্ভুক্ত হওয়ার যে অসঙ্গতি, তা ছাড়াও আমি ঐ প্রকাশনার ব্যাপারে আমার অন্য একটা পর্যবেক্ষণের কথা একটু বলব, যা হল এতে প্রতিনিধিত্বকারী ‘আদিবাসী কবি’দের ভাষাগত এবং শ্রেণিগত সম্পৃক্ততার বিষয়ে। সংকলনে যাঁদের কবিতা ছিল, তাঁরা প্রায় সবাই ছিলেন ‘আদিবাসী’দের মধ্য থেকে উঠে আসা শহুরে মধ্যবিত্ত শ্রেণির অন্তর্গত, যাঁররা মূলত বাংলা ভাষায় লিখতেন, এবং পেশাগত পরিচয়ে কেউ ছিলেন কেউবা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, সেনা কর্মকর্তা, মন্ত্রী ইত্যাদি। এই ক্ষেত্রে আমি নিজেও কোনো ব্যতিক্রম ছিলাম না। ফলে, আমার কাছে ‘অরণ্যের সুবাসিত ফুল’-এর মতো একটি সংকলনের শ্রেণিগত চরিত্রই এটি নিয়ে ভাবার এবং সাধারণ আদিবাসী মানুষের দৈনন্দিন সংগ্রামের প্রেক্ষাপটে এই ধরনের প্রকাশনার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তোলার জন্য যথেষ্ট ছিল। তদুপরি, আমার ভাবনায় এই বিবেচনাও ছিল যে, এই জাতীয় সংকলনে নির্বাচিত লেখাগুলো যে বিচিত্র প্রেক্ষাপটে লেখা হয়েছে সেসসব না জানলে পাঠকরা সহজেই সেগুলো ভুল বুঝতে পারেন। উদাহরণস্বরূপ, আমার ‘নির্বাসিত শব্দমালা’ কবিতাটির ক্ষেত্রে আমি একদিন আবিষ্কার করি যে, অন্তত একজন পাঠক এটি সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করেছেন। প্রথম আলো-তে ‘জীবিত ভাষার মরণযাত্রা: বহু ভাষার বাংলাদেশ’ শিরোনামে ফেব্রুয়ারি ৩, ২০১২ তারিখে প্রকাশিত একটি লেখায় এটির লেখক আবুল মোমেন একজন আমার ‘নির্বাসিত শব্দমালা’ কথাটার অর্থ করছেন ‘আদিবাসীদের বিপন্ন ভাষা’, এবং আমি এ নিয়ে হাহাকার করলেও তা যে প্রকাশ করেছি বাংলায়, এ কথা ভেবে বিষন্ন আক্ষেপ প্রকাশ করেছেন!

আদিবাসী শিল্প ও সংস্কৃতি নিয়ে কিছু ভাবনা

চলুন এবার এই লেখার শিরোনামের মাধ্যমে উত্থাপিত মূল প্রশ্নে ফিরে যাই: ‘আদিবাসী শিল্প’ বলতে আসলে কী বোঝায় বা কী বোঝানো উচিত? এই বিষয়ে আমাদের পূর্ববর্তী আলোচনার সূত্র ধরে এটি স্পষ্ট যে, আমাদের উত্তরগুলো নির্ভর করবে ‘আদিবাসী’ তকমাটির ওপর আমরা কী ধরনের অর্থ আরোপ করছি এবং ‘শিল্পকলা’র সাথে সম্পর্কিত করে আমরা এটি কী উদ্দেশ্যে ব্যবহার করতে চাইছি তার ওপর। এই প্রেক্ষাপটে, আমি চট্টগ্রাম-ভিত্তিক শিল্পী জয়দেব রোয়াজার সাথে আমার একটি প্রাসঙ্গিক কথোপকথনের কথা স্মরণ করতে চাই। ২০১২ সালের সেপ্টেম্বরে তিনি প্রথম আমার সাথে যোগাযোগ করেন এবং জানান যে, তিনি ও তাঁর কয়েকজন সহকর্মী – ‘আদিবাসী’ বর্গভুক্ত আরও কিছু শিল্পী – ‘আদিবাসী জীবন ও সংস্কৃতি’ বিষয়ের উপর একটি দলগত প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছেন, যা নিয়ে তাঁদের মনে কিছু প্রশ্ন দানা বাঁধছে। তাঁরা যেসব প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন সেগুলো ছিল অনেকটা এমন: আদিবাসী সংস্কৃতি বলতে আসলে কী বোঝায়? এটি কি কেবল ‘ঐতিহ্যবাহী’ নাচ এবং গানের মধ্যেই সীমাবদ্ধ? নাকি এখানে আরও অন্য কোনো বিষয় বিবেচনায় নেওয়া প্রয়োজন?

এরপর মূল নিবন্ধে যে আলোচনা রয়েছে, যা এই ব্লগে প্রকাশিত আমার লেখা ‘আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক কিছু ভাবনা’-র দ্বিতীয় অনুচ্ছেদের  অনুরূপ, এখানে বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে যে বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করা হয়েছে [যেমন—‘আদিবাসী সংস্কৃতি’ ও ‘উদ্ভাবিত ঐতিহ্য’ (Invented traditions) সংক্রান্ত ধারণা, এবং ‘শিল্পের উদ্দেশ্য’, ‘স্থানীয় দৃষ্টিভঙ্গির গুরুত্ব’ ও ‘সংস্কৃতির পরিবর্তনশীল প্রকৃতি’র মতো বিষয়গুলো] তা অবশ্য খুব একটা মৌলিক কিছু ছিল না। এমনকি আমার নিজের লেখার প্রেক্ষাপটেও এগুলো নতুন কিছু ছিল না। উদাহরণস্বরূপ, জয়দেব রোয়াজার করা প্রশ্নের উত্তরে আমার ফেসবুক নোটটি প্রকাশের বহু বছর আগে, ১৯৯৮ সালে লেখা একটি নিবন্ধ ‘Culture, Identity and Development in the CHT’-এর শেষে আমি নিচের কথাগুলো লিখেছিলাম:

জুম-চাষীদের একটি আদর্শায়িত বা কাল্পনিক পটভূমিতে উপস্থাপন করে যে নাচ বা গান পরিবেশন করা হয়, তা সমসাময়িক জুম-চাষীদের ঐতিহাসিক অভিজ্ঞতার সাথে সব সময় সামঞ্জস্যপূর্ণ হয় না। মনে হয় যে, অনেক শহুরে জুম্মদের কাছে আত্মপরিচয়ের অন্বেষণ কেবল এমন এক জীবনপদ্ধতির প্রতীকী ও রোমান্টিক পুনর্গঠনের মধ্যেই সীমাবদ্ধ, যে জীবন তাঁরা নিজেরা অনেক আগেই পেছনে ফেলে এসেছেন এবং যেখানে আর কখনোই ফিরে যাবেন না। অন্যদিকে, পার্বত্য চট্টগ্রামে এখনও এমন অনেক মানুষ আছেন যাদের কাছে জীবনধারণের প্রধান মাধ্যম হিসেবে ‘জুম’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি যে প্রশ্নগুলো তুলতে চাই তা হলো: আজকের জুম-চাষীরা ঠিক কী অবস্থায় জীবনযাপন করছেন, সে সম্পর্কে আমরা শিক্ষিত শহুরে জুম্মরা কতটুকু জানি? তাঁদের ভবিষ্যৎ কী? আর যতক্ষণ পর্যন্ত তাঁরা জুম-চাষ চালিয়ে যেতে চান, ততক্ষণ তাঁরা যেন মঞ্চে প্রদর্শিত সুখী মানুষদের মতোই সুখে থাকতে পারেন, তা কীভাবে নিশ্চিত করা সম্ভব?

একটা তুলনার মাধ্যমে আমি এই লেখার উপসংহার টানতে চাই। এই নিবন্ধের শিরোনামে উত্থাপিত প্রশ্নটির যে উত্তর হতে পারে, এ নিয়ে আমার অবস্থানা যদি পাঠকদের কাছে ইতোমধ্যে স্পষ্ট না হয়ে থাকে, তবে তা বোঝানোর জন্য তুলনা হিসাবে শিল্পকলা এবং লিঙ্গীয় পরিচয়ের (gender) মধ্যকার সম্পর্কের ভিত্তিতে একই ধরনের একটা প্রশ্ন আমরা কল্পনা করে নিতে পারি। ধরা যাক, আমরা আলোচনা করছি, নারীদের তৈরি শিল্পকর্মগুলোকে কী নামে অভিহিত করা যথার্থ হবে: ‘নারীদের শিল্পকলা’, ‘নারীসুলভ শিল্পকলা’, ‘নারীবাদী শিল্পকলা’ নাকি কেবল ‘শিল্পকলা’ ধরা যাক আমাদের বিবেচনায় এটাও আছে, আমাদের ব্যবহৃত বর্গ যেন লিঙ্গীয় সমতা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনে সহায়ক হয়। আমার ধারণা, এই প্রশ্নের কোনো সহজ বা সরাসরি উত্তর নেই, কারণ পছন্দটি মূলত নির্ভর করবে কে এই নির্বাচনটি করছেন তার উপর। তবে আমি মনে করি, যাঁরা লিঙ্গীয় সমতা প্রসারে আগ্রহী, তাঁরা প্রথমোক্ত দুটি বর্গের তুলনায় ‘নারীবাদী শিল্পকলা’ বা কেবল ‘শিল্পকলা’ শব্দবন্ধটিকেই বেশি প্রাধান্য দেবেন। একইভাবে, ‘আদিবাসীদের শিল্পকলা’র ক্ষেত্রেও – যদি আমাদের এই ধরনের একটি বর্গ ব্যবহার করতেই হয় – আমি ‘আদিবাসীবাদী শিল্পকলা’ (indigenist art)-এর মতো একটি নতুন পরিভাষা ব্যবহারের প্রস্তাব দেব।

~~~

টীকা


[1]এই লেখাটি সাজানো হয়েছে ইংরেজিতে প্রকাশিত আমার একটি ব্লগ পোস্ট What Does or Should ‘Indigenous Art’ Mean?-এর অনুবাদ অনেক জায়গাতে যথেষ্ট সম্পাদনা করার মাধ্যমে। উল্লেখ্য, মূল ইংরেজি ব্লগ পোস্টটি হল একই শিরোনামে নিম্নোক্ত সংকলনে প্রকাশিত  আমার একটি প্রবন্ধের সম্পাদিত ও সংক্ষিপ্ত রূপ: Sovereign Words: Indigenous Art, Curation and Criticism, ed. K. Garcia-Antón, Office of Contemporary Art Norway, Valiz, Amsterdam, 2018.

[2]আগেই যেমনটা বলা হয়েছে, এই বাংলা ব্লগ লেখাটি সাজানো হয়েছে প্রথমে ইংরেজিতে প্রকাশিত একটি ব্লগ পোস্টের অনুবাদে ভিত্তিতে, তবে যেসব ক্ষেত্রে ইংরেজি ভাষ্যে বাংলা থেকে অনুবাদ করা উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে, সেগুলির ক্ষেত্রে যেখানে সম্ভব মূল বাংলা টেক্সট বসিয়ে দেওয়া হয়েছে।

[3] ঢাকা আর্ট সামিট ২০১৮ –এর অংশ হিসাবে আয়োজিত যে কর্মশালায় আমি অংশ নিয়েছিলাম, তাতে দেওয়া আমার বক্তব্যের একটি ইউটিউব ভিডিওর লিংক এখানে দেওয়া হলো।  উল্লেখ্য, মূলত সেই বক্তব্যের ভিত্তিতেই ১ নং টীকায় উল্লিখিত আমার প্রবন্ধ আয়োজকদের প্রকাশিত সংকলনে প্রকাশিত হয়েছিল।  

[4] আমার ব্যক্তিগত পেশা বদলের গল্প প্রাসঙ্গিক প্রেক্ষাপটসহ অনেকটা বলা হয়েছে বর্তমান ব্লগে থাকা নিচের দুটি লেখায়: ১)  আমার আট আনার শিক্ষকসত্তা: একটি কৈফিয়ত; ২) আবার কিসের উন্নয়ন?

[5]১৯৮৯ সালের ২১ মার্চের সেই মৌন মিছিলে আমার অংশগ্রহণের প্রেক্ষাপট এবং পরবর্তী ঘটনাবলির বিস্তারিত বিবরণ আমার এই ব্লগ পোস্টে রয়েছে: আমি কেন সিগারেট খেতাম।

বাংলা উচ্চারণে ‘আঞ্চলিক টান’ থাকলে সমস্যা কোথায়

~ প্রশান্ত ত্রিপুরা ~

ভাষায় ‘আঞ্চলিক টান’ বা বিদেশি ছাপ থাকার কারণে কেন কাউকে টিভি টকশোতে অবাঞ্ছিত গণ্য করতে হবে? অন্যদিকে তথাকথিত ‘শুদ্ধ বাংলা’য় যাঁরা লেখেন ও বলেন, তাঁদের সব কথাই কি সবসময় শুদ্ধ ও শিরোধার্য? এ ধরনের প্রশ্ন আমার মাথায় এখনো ঘুরতে শুরু করেছিল ২০১৫ সালের ২২শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত একটা সেমিনারে অংশ নেওয়ার জের ধরে।[1] সেখানে বহুভাষিকতা নিয়ে একটা সংক্ষিপ্ত উপস্থাপনা ছিল আমার।

আমার বক্তব্যের একাংশ ছিল এই যে, বাংলাদেশকে ভাষাগতভাবে প্রধানত সমরূপ ও একভাষিক (‘এদেশের ৯৮% মানুষের মাতৃভাষা বাংলা’) ধরা হলেও বাস্তবতা অতটা সরল নয়। বরং বহু বাংলাদেশিই নিয়মিত একাধিক ভাষা বা ভাষারূপ ব্যবহার করে, এবং স্থান-কাল-পাত্র ভেদে তাদের বহুভাষিকতার রয়েছে বহুমাত্রিক রূপ ও বিবিধ কেন্দ্র।[2] যেমন কোথাও অধিপতি ভাষার ভূমিকায় আছে ইংরেজি, কোথাও বাংলার প্রমিত রূপ, আবার কোথাওবা তথাকথিত কোনো উপভাষা। এমনকি সীমিত পরিসরে চাকমা বা মারমার মত ভাষাকে ঘিরেও বহুভাষিকতার বলয় রয়েছে। আমি আরো বলেছিলাম, প্রমিত বাংলাকে শিরোধার্য গণ্য করতে গিয়ে অনেকেই বিভিন্ন ‘আঞ্চলিক ভাষা’কে পরিত্যাজ্য হিসাবে চিহ্নিত করেছেন, ঠেলে দিয়েছেন মর্যাদাহীনতার সীমানায়; আর এসবের সূত্রে শিক্ষিত বাঙালিদের অনেকের মনে শেকড় গেড়ে থাকা বিভ্রান্তি ও হীনমন্যতার ছায়া দেখা যেতে পারে এদেশের অন্যান্য জাতির ভাষাসমূহের প্রতি তাদের দৃষ্টিভঙ্গীর বেলায়ও।

আমার বক্তব্যের প্রতি সাধারণভাবে সমর্থনসূচক সাড়াই মিলেছিল, কিন্তু দু’একজনের মৌনতা আমাকে ভাবিয়েছিল। আমি বোঝার চেষ্টা করেছিলাম, এই মৌনতা সম্মতির লক্ষণ, না অন্য কিছু ছিল। বিষয়টা মাথায় রেখে ইন্টারনেট ঘাঁটতে গিয়ে চোখে পড়ল, একজন স্বনামধন্য প্রবীণ অধ্যাপক[3] তাঁর এক লেখায় বলছেন, প্রমিত বাংলা না জানা লোকদের টক শোতে আনা বন্ধ করা হোক! তিনি মনে করেন ‘মাতৃভাষা’ বাংলা নাজুক অবস্থায় রয়েছে একদিকে শিক্ষিতজনদের মুখে আঞ্চলিক ভাষার ব্যাপক প্রভাবের ফলে, আরেকদিকে ইংরেজির দাপটের কারণে। আবার ইংরেজি ভাষা ও ইংরেজিভাষীদের আধিপত্যকে একভাবে তিনি আদর্শ গণ্য করেন বলেও মনে হল, কারণ এক জায়গায় তিনি বলেছেন, ইংরেজভাষীরা ‘বিশ্বজয়’ করেছে শুধুমাত্র বাহুবল দিয়ে নয়, বরং তাদের ভাষিক শক্তি-সামর্থ্যের কারণেও। এসব দেখে আমার প্রশ্ন, বাংলার আঞ্চলিক রূপ কেন ‘মাতৃভাষা’ পদবাচ্য হবে না? আর বাংলা ভাষা ও বাঙালিরা ইংরেজি ও ইংরেজিভাষীদের রাস্তায় চলুক, এই প্রচ্ছন্ন স্বপ্ন কতটা রাজনৈতিকভাবে শুদ্ধ বা কাম্য?

টীকা


[1] এই লেখাটির মূল ভাষ্যটা প্রথম প্রকাশিত হয়েছিল ২০১৫ সালের ২৩শে ফেব্রুয়ারিতে, একটি ফেসবুক পোস্ট হিসাবে।

[2] বহুভাষিকতা প্রসঙ্গে আমার বিশদ আলোচনা রয়েছে এই ব্লগে প্রকাশিত একটি নিবন্ধে, ‘আপনি কি বহুভাষী?’।

[3] উল্লিখিত প্রবীণ অধ্যাপক কে, তা এই লেখাটি নতুন করে আমার ব্লগে প্রকাশ করার সময় (২১/২/২০২৬) আমার ঠিক মনে পড়ছে না!

থিসিস-অ্যান্টিথিসিস-সিনথেসিস বনাম মেটাথিসিস

~ প্রশান্ত ত্রিপুরা ~

(করোনা অতিমারীর সময় চোখে পড়া একটি মজার সতর্কতামূলক নোটিশ বিষয়ক একটি হালকা মেজাজের লেখা)[1]

থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস – প্রায়শ একসাথে উচ্চারিত এই শব্দগুলি বাংলাদেশে অনেকেরই পরিচিত, বিশেষ করে যাঁরা হেগেলের দর্শন বা মার্ক্সবাদ নিয়ে আলাপে অভ্যস্ত। কিন্তু ‘মেটাথিসিস’ (metathesis) কথাটা কি জানতেন? শব্দটি দিয়ে যে ধারণা বোঝায়, তার সাথে বাংলাভাষী অনেকেরই – যাঁদের পাঠ্যসূচীতে বাংলা ব্যাকরণ ছিল – পূর্বপরিচিতি থাকতে পারে, তবে এটি আমরা সবাই জানতাম অন্য নামে, যা একটু পর বলছি। তার আগে একটু বলে নেই, ‘মেটাথিসিস’ বিষয়টার সাথে কার্ল মার্ক্সের কোনো সম্পর্ক না থাকলেও সম্প্রতি এটির একটা উদাহরণ হিসাবে মজার একটা ফেসবুক পোস্ট চোখে পড়েছিল, যেখানে একটি ব্যাংকের সামনে রাখা একটি নোটিশের ছবি রয়েছে, যাতে হাতে লেখা, ‘মার্ক্স না পড়ে ব্যাংকে প্রবেশ করবেন না’![2]

বলা বাহুল্য, উপরে উল্লেখ করা বিজ্ঞপ্তিটির শুরুর অংশটা হওয়ার কথা ছিল ‘মাস্ক না পরে’, কিন্তু ব্যাংকের লোকজন বানান ভুল করাতে তা হাসির খোরাক হিসাবে ফেসবুকে উঠে এসেছে। এই যে ‘মাস্ক’ (mask) কথাটা বাংলাভাষী অনেকেই ‘মাক্স’ উচ্চারণ করে – যে প্রবণতার একটা বিশেষ উদাহরণ হিসাবে উপরে উল্লিখিত নোটিশের ‘মার্ক্স’ কথাটিকে দেখা যেতে পারে – সেটিকেই বোঝানোর জন্য ভাষাবিজ্ঞানে ‘মেটাথিসিস’ কথাটা ব্যবহার করা হয়। বাংলা ব্যাকরণ পড়ার সুবাদে এই প্রবণতাকে আমরা অনেকে ‘বর্ণ বিপর্যয়’ হিসাবে জানি, যেটির কিছু পুরানো উদাহরণ হল রিক্সা-কে ‘রিস্কা’ বা বাক্স-কে ‘বাস্কো’ বলা, এবং সেই তালিকায় করোনাকালে যুক্ত হল ‘মাস্ক’ বলতে গিয়ে অনেকের ‘মাক্স’ বলা (বা লেখা, যে বিষয়ক নমুনা গুগল করলে পাওয়া যায়)। মজার ব্যাপার হল, জিজ্ঞাসা করা অর্থে ব্যবহৃত ইংরেজি ask শব্দটি এখনো নাকি ইংরেজিভাষীদের অনেকে ‘আক্স’ হিসাবে উচ্চারণ করেন। তবে শুধু তাই নয়, শব্দটির আদিকালের লিখিত রূপ বা উচ্চারণ নাকি ছিল ax বা axe-ই, যা মেটাথিসিস প্রক্রিয়ায় ask হয়ে গিয়েছে!

মেটাথিসিস বা বর্ণবিপর্যয়ে একটা বিশেষ নমুনা আমার কানে এসেছিল করোনাকালের এক ঈদের দিনে, যখন আমাদের বাসার এক গৃহকর্মী ‘ব্লিচিং পাউডার’ বলতে গিয়ে ‘বিচলিং পাউডার’ বলেছিল। আমাদের পাশের এক ফ্ল্যাটের লোকজন কিছু উচ্ছিষ্ট ঠিকমত সাফ না করাতে সে প্রসঙ্গে আলাপ চলাকালে সেই দ্রব্যটির নাম উঠে এসেছিল। তার উচ্চারণ শুনে আমি তাকে বললাম, ‘কথাটা হবে ব্লিচিং পাউডার’, এবং আরো সহজ করে বললাম ‘বিলিচিং পাউডার’। এরপর জানতে চাইলাম, এভাবে সে উচ্চারণ করতে পারবে কিনা। সে উত্তর দিল, ‘পারব, কিন্তু বলব না। যেটা সহজ, সেটাই বলব।’ আমার মনে হয়, অনেক ভাষাবিজ্ঞানীই তার কথা লুফে নিয়ে বলবেন, হ্যাঁ, শব্দের উচ্চারণকে সহজ করে নেওয়ার একটা সহজাত প্রবণতা সব ভাষার বেলাতেই দেখা যায়। এটি একটা স্বাভাবিক প্রক্রিয়া। এসব কথা নিয়ে ভাবতে গিয়ে আমার এও মনে হল, ‘বর্ণ বিপর্যয়’ বা ‘ধ্বনি বিপর্যয়’ ধারণার সাথে যুক্ত থাকা ‘বিপর্যয়’ কথাটা কিছুটা অনভিপ্রেত!

টীকা


[1] এই লেখাটি ২০২০ সালের আগস্টের একটি ফেসবুক পোস্টের সম্পাদিত ভাষ্য।

[2] নোটিশটার উৎস পশ্চিমবঙ্গের কোথাও। ‘মার্ক্স না পড়ে ব্যাঙ্কে প্রবেশ করবেন না’ লেখা সাইনটার নিচে ইংরেজিতে লেখা আছে একটি জায়গার নাম – ‘মাইকেল নগর’ – যেটির অবস্থান হল উত্তর চব্বিশ পরগণা। যতদূর মনে পড়ে, ছবিটা আমি প্রথম দেখেছিলাম কলকাতা-নিবাসী এক ফেসবুক ফ্রেন্ডের শেয়ার করা কোনো পোস্টে,তবে সূত্রটি আমি নোট করে রাখিনি।

নানরুটি, পাঁউরুটি, ‘করলার গাংলা’ আর মামলেট কি একসাথে যায়?

(উল্লিখিত ব্যঞ্জনসমূহের নামের ব্যুৎপত্তি ও ব্যঞ্জনা বিষয়ক কিছু পর্যবেক্ষণ)

~ প্রশান্ত ত্রিপুরা ~

এই লেখার শিরোনামে যেসব খাবারের নাম রয়েছে, সেগুলির মধ্যে একটি বাদে সবই বাংলাভাষী পাঠকদের কাছে পরিচিত হওয়ার কথা। যে নামটি পাঠকদের আগে চোখে পড়ার কথা নয়, যদি না তাঁদের কেউ এ বিষয়ক আমার একাধিক ফেসবুক পোস্টের কোনোটা আগে দেখে থাকেন, সেটি হল ‘করলার গাংলা’। কাজেই উল্লিখিত বিভিন্ন খাবারের নামের ব্যুৎপত্তি বা ব্যঞ্জনা নিয়ে আলাপে যাওয়ার আগে ‘করলার গাংলা’ সম্পর্কে একটু বলে নেই, যেটির নামের ইতিহাসে মিশে আছে আমার মূল বক্তব্যের সূত্র।

‘করলার গাংলা’ নিয়ে ফেসবুকে আমি প্রথম পোস্টটা দিয়েছিলাম ২০১৪ সালের ফেব্রুয়ারিতে,  সেটি নিচে কিছুটা সম্পাদিত আকারে তুলে ধরছি:

‘করলার গাংলা’ কি খেয়েছেন কখনো? আমি নিশ্চিত আমার ফেসবুক বন্ধুদের অনেকেই আছেন, যাঁদের প্রিয় খাবারের তালিকায় এই পদটি আছে, যদিও এটিকে তাঁরা অন্য নামে চেনেন। নামটা আসলে শুধু আমার বাসাতেই চলে। ব্যাপারটা খুলে বলি, ‘গাংলা’ একটি ককবরক (ত্রিপুরা) শব্দ, যার অর্থ করলা। নাপ্পি বা ‘শিদল’ (বিশেষ ধরনের শুটকির মণ্ড; বিস্তারিত টীকায়)[*] দিয়ে হালকা হলুদ-পেঁয়াজ-কাঁচা মরিচ সহকারে পাহাড়ি কায়দায় করলার ঝোল আমার খুব পছন্দের খাবার। আমার যে ত্রিপুরা আত্মীয়রা রান্নাটা শিখিয়েছিল, তাদের মুখে গাংলা শব্দটা শুনে সেই কবে কোনো এক বাংলাভাষী গৃহকর্মী পদটার নামকরণ করেছিল ‘করলার গাংলা’, সেটিই বাসায় চালু রয়েছে এখনো। আমি সংশোধনের কোন চেষ্টা করি নি, বরং কিভাবে এক ভাষার শব্দ আরেক ভাষায় গিয়ে বিশেষ অর্থ ধারণ করে, তারই একটা নমুনা চোখের সামনে তৈরি হতে দেখে মজা পেয়েছি।

ছবিটা একজন ফেসবুক ফ্রেন্ডের সৌজন্যে পাওয়া।

‘করলার গাংলা’ নামটির অর্থ ও ইতিহাস তুলে ধরার পর আমার ফেসবুক পোস্টে আমি যোগ করেছিলাম, “এরকম আরো বহু নমুনা আছে বাংলাসহ বিভিন্ন ভাষায়। আমি দুটি উদাহরণ দিচ্ছি: নানরুটি ও পাঁউরুটি। ফার্সি ‘নান’ আর পর্তুগিজ ‘পাঁউ’ মানেও রুটি, কিন্তু বাংলায় এগুলি দিয়ে বোঝায় বিশেষ ধরনের রুটি। ‘করলার গাংলা’ও তাই। খুঁজলে এমন উদাহরণ হয়ত আরো বের করতে পারবেন পাঠক নিজেই।“

বলা বাহুল্য, ‘করলার গাংলা’, নানরুটি এবং পাঁউরুটি, এই তিনটি নামের মধ্যেই যে মিলটি রয়েছে, তা হল, নামগুলির একটা অংশ আগে থেকে প্রচলিত ও পরিচিত একটা শব্দ, যেটির সাথে অন্যভাষা থেকে আসা সমার্থক শব্দটা একটা ভিন্ন ব্যঞ্জনা, একটা নতুনত্ব, তৈরি করছে। কাজেই ‘পাঁউরুটি’ মানে যে কোনো রুটি না, বরং এটি হচ্ছে এক ধরনের ‘সাহেবি রুটি’। একইভাবে ‘করলার গাংলা’ যে কোনো ধরনের শুটকি মেশানো করলার ঝোল নয়, এটি হল ‘পাহাড়ি’ ধাঁচের করলার তরকারি।

এই লেখায় চতুর্থ যে খাবারের নাম আছে – মামলেট – সেখানেও দুইটি ভাষা থেকে আসা দুইটি ভিন্ন উপাদান রয়েছে বলে আমার ধারণা, যা নিচে তুলে ধরছি, তবে একই রকম ব্যাখ্যা এর আগে কোনো ঐতিহাসিক ভাষাবিজ্ঞানী বা অন্য কেউ দিয়েছেন কিনা আমার জানা নেই।  যাই হোক, বিষয়টা আমি যেভাবে দেখি, তা ২০২২ সালের ফেব্রুয়ারির একটা ফেসবুক পোস্টে যেভাবে তুলে ধরেছিলাম, তার সারসংক্ষেপ ছিল এই: “ইংরেজি ‘অমলেট’ থেকে বাংলায় ‘মামলেট’ শব্দটা কিভাবে এসে থাকতে পারে, এ সম্পর্কে আমার ধারণা হল এই যে, ব্রিটিশ আমলে ইংরেজদের কাছ থেকে ‘অমলেট’ বাংলায় ঢোকার সময় পদটির সাথে যে শুধু প্রচুর পেঁয়াজ, কাঁচামরিচ ইত্যাদি মেশানো হয়েছিল তাই নয়, ‘ডিম’ শব্দের শেষে থাকা ব্যঞ্জনধ্বনি ‘ম’-ও শব্দটার শুরুতে যুক্ত হয়েছিল!” বিষয়টা বোঝানোর জন্য সাথে একটা ছবিও আমি জুড়ে দিচ্ছি, যেটিও আগে ফেসবুকে দেওয়া হয়েছিল:

টীকা


[*] ত্রিপুরারা যে বস্তুকে ‘নাপ্পি’ বলে – বিশেষ প্রক্রিয়ায় বানানো ফার্মেন্টেড শুটকি পেস্ট – চাকমাদের কাছে তা ‘শিদল’ নামে পরিচিত, যে শব্দ দিয়ে উত্তরবঙ্গসহ কিছু জায়গায় ‘চ্যাপা শুটকি’ বোঝায়। ‘নাপ্পি’ শব্দটি এসেছে রাখাইন/মারমা ‘ঙাপ্পি’ থেকে, সুকুমার রায়ের একটি ছড়ায় যার সাক্ষাত মেলে এভাবে: ‘বার্মার ঙাপ্পিতে বাপরে কি গন্ধ!’ আসলে যাদের রুচিতে ধরে, তাদের কাছে ‘করলার গাংলা’র স্বাদ-গন্ধ কিন্তু তুলনাহীন!

ভাষার আয়নায় সময়ের কিছু জিজ্ঞাসা

(সহিংসতা-বাচক বিভিন্ন শব্দের প্রায় কোনোটাই দেশি নয় কেন? রুখে দাঁড়ানোর ভাষা কী হতে পারে? মানুষখেকো সমকালীন দানবদের কী কী নামে আমরা চিনি? ইত্যাদি)

~ প্রশান্ত ত্রিপুরা ~

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে, তখনকার এক বিশেষ সহিংস পরিস্থিতির প্রেক্ষাপটে, আমি ফেসবুকে একাধিক পোস্ট  লিখেছিলাম, যেগুলিকে পেশ করা হয়েছিল ‘ভাষার আয়নায় সময়ের জিজ্ঞাসা’ শীর্ষক একটা সিরিজের অংশ হিসাবে। মোট দশ কিস্তিতে প্রকাশিত সেই সিরিজের প্রথম চারটি পোস্ট একত্র করে ১০/২/২০১৫ তারিখে একটি ফেসবুক নোট প্রকাশ করেছিলাম ‘ভাষায় আয়নায় সময়ের কিছু জিজ্ঞাসা’ শিরোনামে। সেই নোটের শুরুর কথাগুলি ছিল এমন:   

বাংলাদেশে আমাদের বর্তমান সময়কে নির্দেশ করছে এমন বিভিন্ন শব্দ – অবরোধ, হরতাল, পেট্রোল বোমা, গুম, খুন, ক্রসফায়ার – কোনোটাই ঠিক দেশি নয়। এর কোনো মাহাত্ম্য আছে কি? দীর্ঘকাল ধরে সহিংসতার দুষ্ট চক্রে ঘুরতে থাকা এদেশের জনগণ কী ভাবছে? তাদের চিন্তা, প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা কী? এমন যেসব জিজ্ঞাসা মনের ভেতরে ঘুরছে  দ্বন্দ্ব-বিভেদ-সহিংসতায় বিদীর্ণ সময় ও পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে, সেগুলোর কিছু সামনে নিয়ে আসার একটি প্রয়াস এই নোট।

জিজ্ঞাসাগুলিতে ভাষাগত দৃষ্টিকোণ প্রাধান্য দেওয়ার চিন্তা এসেছে এই কারণে যে, এখন ফেব্রুয়ারি, ‘ভাষার মাস’। তবে যে আয়োজনকে এই নোটের মাধ্যমে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, তার সূচনাটা হয়েছিল কিছুটা ঝোঁকের মাথায়, যা প্রথম প্রকাশ করি গত  ফেব্রুয়ারি ১ তারিখে, নিচের ভাষায় শুরু হওয়া একটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে: ‘একটা কুইজ প্রতিযোগিতার চিন্তা মাথায় খেলা করছে। ফেব্রুয়ারি আসলেই ভাষা নিয়ে বাড়তি কথা শুরু হয়ে যায় যথারীতি, সাথে বইমেলা থেকে শুরু করে আরো কত আয়োজন থাকে। ভাবছি, এ উপলক্ষে এবার আমিও সারামাস জুড়ে প্রতিদিন  – বা যেদিন সম্ভব  – ছোট দু’একটা প্রশ্ন রাখব ফেবু বন্ধুদের কাছে। কিছু প্রশ্ন এমন হতে পারে যেগুলির উত্তর আমার নিজেরও জানা নেই, কিন্তু জানার ইচ্ছা খুব। বন্ধুরাও কেউ চাইলে প্রশ্নের জোগান দিতে পারেন।‘

উল্লিখিত ফেসবুক স্ট্যাটাসের সাথে ‘বোমা’ ও ‘হরতাল’ শব্দের ব্যুৎপত্তি বিষয়ক একটা কুইজও জুড়ে দিয়েছিলাম, এবং পুরো আয়োজনের পটভূমি ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম, ‘চারপাশের সহিংসতার বিপরীতে সরাসরি কিছু করতে না পারি, সমকালীন প্রেক্ষিতে দরকারি ভাবনার কিছু খোরাক হয়ত আমি জোগাতে পারি ফেসবুকের মাধ্যমে। সেই চিন্তা থেকেই আমার এ আয়োজন, যেটিকে প্রচলিত অর্থে কোনো প্রতিযোগিতা হিসেবে না নিয়ে এক ধরনের আড্ডা হিসেবে দেখা যেতে পারে।’

উল্লেখ্য, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ফেসবুকে ধারাবাহিকভাবে প্রকাশিত আমার প্রথম তিনটা স্ট্যাটাস আপডেটকে ‘কুইজ’ হিসাবে তুলে ধরা হলেও পরবর্তী পোস্টগুলির ক্ষেত্রে কথাটা আর ব্যবহার করা হয়নি। তার বদলে প্রতিটা পোস্টের শেষে ‘ভাষার আয়নায় সময়ের জিজ্ঞাসা’ লিখে তার সাথে ক্রমিক সংখ্যা  জুড়ে দেওয়া হয়েছিল। নিচে এসব পোস্টের মধ্য থেকে নির্বাচিত কয়েকটি সম্পাদিত আকারে আবার তুলে ধরা হল, সে সাথে আগের পোস্টগুলির হাইপারলিংকও দিয়ে দেওয়া হল। আগ্রহী পাঠকদের জন্য বাকি পোস্টগুলির বিষয়বস্তু এবং/বা সংশ্লিষ্ট প্রশ্নগুলি হাইপারলিংকসহ এই লেখার শেষে দিয়ে দেওয়া হল।  

হরতাল শব্দের ব্যুৎপত্তি কী? বোমা শব্দ কোন ভাষা থেকে এসেছে?  

এবারের [মানে ২০১৫ সালের] ‘ভাষার মাস’ শুরু হল এমন কিছু শব্দের আবহে – অবরোধ, হরতাল ও পেট্রোল বোমা – যেগুলির কোনোটি ঠিক ‘দেশি’ নয়। প্রথমটা তৎসম শব্দ, তা সবাই জানেন, আর পেট্রোল যে ইংরেজি থেকে (বা আদি লাতিন থেকে ইংরেজি হয়ে) এসেছে, তাও নিশ্চয় বলার দরকার নেই। সেসাথে হরতাল যে গুজরাটি ভাষা থেকে এসেছে, তাও নিশ্চয় অনেকেরই জানা থাকার কথা। তবে এটার ব্যুৎপত্তিটা জানেন কি? [1] … আর বলতে হবে, ‘বোমা’ শব্দটা কোন ভাষা থেকে এসেছে?[2] (হরতাল শব্দের ব্যুৎপত্তি কী? বোমা শব্দ কোন ভাষা থেকে এসেছে? (ভাষা বিষয়ক কুইজ-১: ফেব্রুয়ারি ১, ২০১৫)

একটা কোটি টাকার প্রশ্ন

বাংলাদেশ জ্বলছে, পুড়ে যাচ্ছে, বেড়ে চলছে লাশের মিছিল –

এ অবস্থায় চলুন চেতনার ছাই একটু উড়িয়ে দেখি,

জানতে চাই,

ইতিহাসের এক মহানায়ক – যার কথা অনেকেই বলে –

সেই জনগণ ঠিক কী ভাবছে? সে কি ঘুমিয়ে আছে?

যদি জেগেই থাকে, কেন সে চুপ করে দেখছে

লুটেরাদের কাড়াকাড়ি, লুকোচুরি খেলা?

কবে সে উঠে দাঁড়িয়ে বলবে, ‘অই চু*#@%নিরা, অনেক হইছে, এইবার তোরা থামবি?’

আমাদের স্থগিত স্থবির জীবন মেনে নিয়ে,

খবরের পাতা আর সারাটা চেতনা জুড়ে আমরা ভিড় করতে দেই,

হরেক রকমের নতুন পুরানো বিদেশি শব্দ –

হালের বার্ন ইউনিট, পেট্রোল বোমা আর ক্রসফায়ার থেকে শুরু করে

তুর্কি-পাঠান-মুগল-পর্তুগিজ-ইংরেজদের হাত ধরে আসা খুন, জখম, গুম, গায়েব, আইন, আদালত, পুলিশ, হরতাল, বোমা

অথবা তৎসম রাষ্ট্র, ক্ষমতা, দ্বন্দ্ব, শ্রেণী, ষড়যন্ত্র, সাম্প্রদায়িকতা, হিংসা, অবরোধ, গুপ্তহত্যা…

এসব শব্দ দিয়ে সাজানো সফেন কথামালা আমরা ফেরি করে চলি,

ফেসবুকে, পত্রিকার পাতায়, সভায়, সেমিনারে।

কিন্তু কেউ কি ঠিক করে বলতে পারি,

দেশের দশের এই পুড়ে যাওয়া, মরে যাওয়া, কেমনে ঠেকাবো?

কবে আমরা রুখে দাঁড়াবো?

কি হবে আমাদের সেই রুখে দাঁড়ানোর ভাষা?

(ভাষা বিষয়ক কুইজ-৩: ফেব্রুয়ারি ৩, ২০১৫)

~~~

মানুষখেকো দানব

সকালের খাবার আর খবর পড়া শেষে কি চিন্তার খোরাক খুঁজছেন ফেসবুকে? তাহলে আমার কিছু বিক্ষিপ্ত ভাবনার কথা বলি।

খোরাক শব্দটি এসেছে ফার্সি থেকে, এর অর্থ খাবার। তবে সব ধরনের খাবারের বেলায়, বা সবক্ষেত্রে ঠিক খাবার অর্থে, শব্দটি প্রয়োগ করি না আমরা। এমন আরো বহু শব্দ আছে, যেগুলির অর্থ নতুন ভাষায় বা প্রেক্ষিতে গিয়ে ভিন্ন মাত্রা পায়, কখনো সামান্য, কখনো অনেক। যেমন ধরুন নানরুটি আর পাউরুটি শব্দগুলির কথা। ফার্সি থেকে আসা ‘নান’ মানে রুটি, আর পর্তুগিজ থেকে আসা ‘পাঁউ’ মানেও রুটি। বাংলা রুটির পাশে বসার পর এগুলির অর্থ শুরুতে হয়তবা ছিল অনেকটা এরকম, ‘মোগলাই রুটি’ আর ‘ফিরিঙ্গি রুটি’। যাক সেসব কথা। আমি আসলে ভাবছি অন্য আরেক ধরনের খাবারের কথা – সাধারণ মানুষেরা – যাদেরকে নানাভাবে খেয়ে চলছে এক রহস্য-দানব। এই খাবারের আরেক নাম আমজনতা, হিন্দি বা উর্দুতে আম আদমি। ‘আম’কে হাস্যরসাত্মকভাবে ভিন্ন অর্থ দিয়ে বানানো হয়েছে ইংরেজি ম্যাংগো পিপল, যদিও মূল আরবিতে এর অর্থও ছিল ‘সাধারণ’।

দীর্ঘদিন ধরে আমজনতাকে নানাভাবে খাদ্য হিসাবে ব্যবহার করে আসছে যে দানব, সেটি এত বিশাল, এবং তার এত বেশি রূপ আর অঙ্গ-প্রত্যঙ্গ যে, আমরা ঠিক বুঝতে পারি না কোনটি তার মুণ্ডু, কোনটিইবা হাত, আর কোনটি লেজ। এমনকি দানব কি একটা, না আণ্ডা বাচ্চাসহ কয়েক গণ্ডা, তাও ভালো করে জানি না আমরা। তবে এটুকু জানি, সাধারণ মানুষদের রক্ত ও ঘাম শুষে খাওয়ার অভ্যাস আছে দানবটির বা দানবগুলির, এবং ইচ্ছেমত স্যান্ডউইচ বানিয়ে, তন্দুরে (< ফা. তনুর, ‘চুল্লি’) সেঁকে বা পুড়িয়ে, কখনো ভর্তা বানিয়ে – যখন যেভাবে খুশি – নানাভাবে খেয়ে ফেলা হচ্ছে আমজনতাকে। ইদানিং রাস্তাঘাটেও কাবাব বানানো হচ্ছে সাধারণ মানুষদের, যাদের অনেককে আবার রাতের আঁধারেও টপাটপ গিলে ফেলা হচ্ছে।

দানব বা দানবগুলির বিভিন্ন চেহারা আছে যেগুলিকে আমরা বিভিন্ন নামে চিনি: ব্যর্থ রাষ্ট্র, অপশাসন, অপরাজনীতি, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, ক্ষমতালিপ্সা, হিংসা, ষড়যন্ত্র, নিয়তি। আপনি এই রহস্য দানবকে/দের কী নামে কতটুকু চেনেন? তাদের কিভাবে ঘায়েল করা যায় ভাবছেন কিছু?

(ভাষার আয়নায় সময়ের জিজ্ঞাসা-৪: ফেব্রুয়ারি ১০, ২০১৫)

~~~

‘ভাষার আয়নায় সময়ের জিজ্ঞাসা’ সিরিজের অন্যান্য পোস্টের বিষয়বস্তু/প্রশ্ন

ভাষা বিষয়ক কুইজ-২  

বাংলাদেশে ইংরেজি ভাষার কোনো অফিসিয়াল স্ট্যাটাস (যেমন সাংবিধানিকভাবে নিরূপিত অবস্থান) আছে কি? থাকলে সেটি কোন দলিলে, আইনে বা অন্য কোনো সরকারি নীতিমালায় লিখিত আকারে আছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করবেন কি একটু?  (২ ফেব্রুয়ারি ২০১৫)

ভাষার আয়নায় সময়ের জিজ্ঞাসা-৫

বাংলাদেশে সংঘাতে লিপ্ত বিভিন্ন রাজনৈতিক দলের হানাহানিকে বোঝানোর জন্য ‘উপজাতীয়তাবাদ’ (ট্রাইবালিজম) শব্দটার ব্যবহার কতটা  যুক্তিসঙ্গত বা কাম্য? এই রাষ্ট্রে ক্ষমতা কাড়াকাড়ি বা ভাগাভাগিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলির নামগুলিতে উপনিবেশিত ভাষা ও মননের বহু চিহ্ন ছড়িয়ে রয়েছে। যেমন, সবচাইতে বড় দুইটি দলের একটির নাম উর্দু ও ইংরেজি শব্দে সাজানো। আরেকটির প্রচলিত নাম তৈরি হয়েছে ইংরেজি আদ্যাক্ষরের ভিত্তিতে। খেটে খাওয়া মানুষদের নামে তৈরি একটা দলের পুরো নাম ইংরেজিতে। আর আছে আরবি নাম, বাংরেজি নাম, আছে বিশুদ্ধ তৎসম শব্দে সাজানো কিছু নামও। তবে এমন কোনো রাজনৈতিক দলের কথা মনে পড়ছে না, যাদের নামে আছে খাঁটি ‘দেশি’ শব্দ। আপনাদের কারো মনে আসছে কি? বা সেরকম কোনো নাম কি হতে পারে? (১২ ফেব্রুয়ারি ২০১৫)

ভাষার আয়নায় সময়ের জিজ্ঞাসা-৬

‘কমরেড’ শব্দের বাংলা হিসাবে ‘সহযোদ্ধা’ কতটা যথার্থ? এ ধরনের শব্দের মাধ্যমে যুদ্ধকে কি একটু বেশিই মহিমান্বিত করা হয় না? উল্লেখ্য, ব্যুৎপত্তিগতভাবে ‘কমরেড’ শব্দের মধ্যে যুদ্ধের কোনো ব্যাপার নেই, বরং এর আদি অর্থ ছিল বেশ সাদামাটা, ‘রুমমেট’! সমাজতন্ত্রীদের মধ্যে সম্বোধন হিসাবে ‘কমরেড’এর ব্যাপক ব্যবহার শুরু হয়েছিল মূলত অসমতাবাচক ‘মিস্টার’, ‘মিসেস’ ইত্যাদির বিকল্প হিসাবে। একই ধরনের বিবেচনা থেকে এটির কোনো বাংলা বা দেশি বিকল্প চালুর চেষ্টা হয়েছিল কিনা জানেন কি কেউ? (১৫ ফেব্রুয়ারি ২০১৫)

ভাষার আয়নায় সময়ের জিজ্ঞাসা-৭

রবীন্দ্রনাথ ঠাকুর ‘বাংলা সাহিত্যের প্রতি অবজ্ঞা’ নামের একটা প্রবন্ধে আক্ষেপ করে লিখেছিলেন, ‘বঙ্গভাষা রাজভাষা নহে, বিশ্ববিদ্যালয়ের ভাষা নহে, সম্মানলাভের ভাষা নহে, অর্থোপার্জনের ভাষা নহে, কেবলমাত্র মাতৃভাষা।’ কিন্তু যে ত্রিপুরা রাজ্যে তাঁর নিয়মিত যাতায়ত ছিল, সেখানে যে রাজভাষা হিসাবে বাংলার প্রচলন ছিল, এ তথ্য রবীন্দ্রনাথ ঠাকুরের অজানা থাকার কথা ছিল না। তাহলে কেন তিনি বলেছিলেন, ‘বঙ্গভাষা রাজভাষা নহে’? (১৮ ফেব্রুয়ারি ২০১৫)

ভাষার আয়নায় সময়ের জিজ্ঞাসা-৮

রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলীতে, বা তাঁর সময়কালের বাংলা সাহিত্যে ‘আদিবাসী’ বা ‘উপজাতীয়’ শব্দগুলি চালু ছিল কি? অন্যদিকে সমকালীন প্রেক্ষাপটে বাংলায় ‘আদবাসী’ শব্দটিকে কারা কিভাবে ব্যবহার করেন? আর যখন কেউ বলেন, ‘সভ্যতার আলোর স্পর্শবঞ্চিত আদিবাসীরা এখন নিজভূমে পরবাসী’, এই প্রেক্ষিতে প্রশ্ন জাগে, ‘আদিবাসী’ বলতে ‘সভ্যতার স্পর্শবঞ্চিত’ বোঝা, আর আদিবাসী অধিকারের পক্ষে কথা বলা কি একসাথে যায়? (২০ ফেব্রুয়ারি ২০১৫)

ভাষার আয়নায় সময়ের জিজ্ঞাসা-৯

ধারণাগতভাবে ‘মাতৃভাষা’ আর ‘রাষ্ট্রভাষা’র মধ্যে সম্পর্ক ও পার্থক্য কেমন? রাষ্ট্রভাষা হিসাবে বাংলার যে লিখিত ও প্রমিত রূপের সাথে আমরা পরিচিত, তা অধিকাংশ বাংলাদেশিরই ‘মাতৃভাষা’ নয়, এই বক্তব্যের সাথে কি আপনিক একমত? আর ‘মাতৃভাষা যার যার, রাষ্ট্রভাষা সবার’ – এই স্লোগানটার ব্যাপারে আপনার কোনো অভিমত আছে কি?  (২১ ফেব্রুয়ারি ২০১৫)

ভাষার আয়নায় সময়ের জিজ্ঞাসা-১০

ভাষায় ‘আঞ্চলিক টান’ বা বিদেশি ছাপ থাকার কারণে কেন কাউকে টিভি টকশোতে অবাঞ্ছিত গণ্য করতে হবে? অন্যদিকে তথাকথিত ‘শুদ্ধ বাংলা’য় যাঁরা লেখেন ও বলেন, তাঁদের সব কথাই কি সবসময় শুদ্ধ ও শিরোধার্য? (২৩ ফেব্রুয়ারি ২০১৫)

টীকা


[1] ২০১৩ নাগাদ বিভিন্ন সূত্র ঘেঁটে ‘হরতাল’ শব্দটার উৎস ও ব্যুৎপত্তি সম্পর্কে যে ব্যাখ্যা আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছিল, তা এরকম: শব্দটা গুজরাটি ভাষা থেকে এসেছে, যার দুইটি মূলের প্রথমটি (‘হর’) এসেছে দোকান বোঝায় এমন একটি শব্দ থেকে (যা সংস্কৃত ‘হট্ট’ বা বাংলা ‘হাট’-এর সাথে সম্পর্কিত মনে হয়), আর ‘তাল’ মানে হল তালা। প্রত্যেক দোকানে তালা ঝুলবে – এটাই হল কথা। গান্ধী ছিলেন গুজরাটি, যাঁদের মধ্যে ব্যবসার ঐতিহ্য ছিল, এবং তাঁরা হয়তবা বুঝেছিলেন বেনিয়ার বেশে এসে শাসক বনে যাওয়া ব্রিটিশদের সাথে দর কষাকষির একটা কৌশল হতে পারে সব দোকানে তালা ঝোলানো।

[2] বোমা শব্দের উৎস হিসাবে পর্তুগিজ ‘bomba’ শব্দকেই চিহ্নিত করা হয়েছে রাজশেখর বসুর ‘চলন্তিকা’ নামের অভিধানে।

বাংলাদেশিদের মধ্যেকার বিবিধ পরিচয়ের শিকড়

~ প্রশান্ত ত্রিপুরা ~

(বাংলাদেশে বাঙালি মুসলমান এবং অন্যান্য পরিচয়ের উৎস নিয়ে কিছু ভাবনা)[1]

আমাদের চারপাশে অনেকের মধ্যে এমন একটি প্রবণতা আছে যে তারা জাতিগত বিভাজন বা সংঘাতকে তথাকথিত বংশগতি বা ‘রেস’ (race)-এর নিরিখে ব্যাখ্যা করতে চায়, যার মূল ভিত্তি আসলে ভাষাগত বা সাংস্কৃতিক বিভাজন। দক্ষিণ এশিয়ার (Southasian[2]) অনেক সংঘাতের ক্ষেত্রেই এটি সত্য। প্রচলিত কিছু ভুল ধারণা আমাদের যেমনই ভাবতে শেখাক না কেন, আধুনিক নৃবিজ্ঞান আমাদের বলে যে, বিশাল বৈচিত্র্য সত্ত্বেও মানুষ জৈবিকভাবে এক এবং অভিন্ন প্রজাতি। এমনকি সাংস্কৃতিক সম্ভাবনা বা প্রবণতার দিক থেকেও তারা এক। এই ধারণাটিকে ঊনবিংশ শতাব্দীর জার্মান নৃবিজ্ঞানী অ্যাডলফ বাস্টিয়ান ‘মানবজাতির মানসিক ঐক্য’ (Psychic Unity of Mankind) হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু এই মানবতাবাদী দৃষ্টিভঙ্গি আমাদের বর্তমান বাস্তবতাকে বুঝতে কতটুকু সাহায্য করে, যেখানে বিভিন্ন গোষ্ঠী জাতিগত, ধর্মীয় বা রাজনৈতিক পার্থক্যের কারণে তাদের সাধারণ মানবিক পরিচয় দেখতে ব্যর্থ হয় বা অস্বীকার করে?

আমার নিবন্ধ Becoming Bangladeshi মূলত বাঙালি মুসলমান সমাজের দুটি প্রধান সংঘাতের উপর আলোকপাত করে। প্রথমত, বাঙালি মুসলমান সমাজের অভ্যন্তরে দুটি পরিচয়ের মধ্যে একটি অমীমাংসিত টানাপড়েন রয়েছে: ‘বাঙালি’ বনাম ‘মুসলমান’। দ্বিতীয়ত, ব্রিটিশ আমল থেকে বাঙালি মুসলমান জনসংখ্যার ভৌগোলিক বিস্তারের ফলে বর্তমান বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাসরত অ-বাঙালি গোষ্ঠীগুলির সাথে বিভিন্ন সংঘাত তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বাঙালি মুসলমানদের ঐতিহাসিক উত্থান পর্যালোচনা করে আমি সমসাময়িক বাংলাদেশিদের আত্মপরিচয় ও অতীতের যোগসূত্র নিয়ে আলোচনা করছি।

ছবিটা ‘হিমাল’ পত্রিকায় প্রকাশিত মূল ভাষ্যের সাথে ছিল

বাংলার সীমান্ত

বাংলার ইতিহাসের শিক্ষার্থীদের কাছে সুপরিচিত যে, মুহাম্মদ বখতিয়ার খলজি ১২০৪-১২০৫ সালের দিকে তাঁর বিজয়ের মাধ্যমে এই অঞ্চলে মুসলিম শাসনের সূচনা করেন। এই অঞ্চলটি পরবর্তীতে ‘বাঙ্গালা’ এবং ইংরেজিতে ‘বেঙ্গল’ নামে পরিচিত হয়। জনশ্রুতি আছে যে, বখতিয়ার খলজি মাত্র ১৮ জন অশ্বারোহী নিয়ে তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন। এই তথ্য (বা মিথ) লক্ষণ সেনের অক্ষমতা নিয়ে হিন্দু-জাতীয়তাবাদী মহলে অনেক ক্ষোভ ও ব্যঙ্গ-বিদ্রূপের জন্ম দিয়েছে। ইসলাম ধর্মের প্রসার বা বাঙালি মুসলমান  কৃষক সমাজের উত্থানের ইতিহাস মোটা দাগে জানা থাকলেও, এই রূপান্তরের পেছনে থাকা জাতিগত ও সাংস্কৃতিক প্রক্রিয়াগুলো বাংলাদেশের শিক্ষিত সমাজ বা সাধারণভাবে দক্ষিণ এশিয়ার মানুষের কাছে খুব কমই স্পষ্ট। এই ক্ষেত্রে রিচার্ড ইটন-এর বই The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760 একটি গুরুত্বপূর্ণ অভাব পূরণ করেছে।

ইটন বাঙালি মুসলমানদের উদ্ভব নিয়ে প্রচলিত কিছু ধারণা খণ্ডন করেছেন। যেমন, একটি প্রচলিত মত হলো, বর্ণপ্রথা বা হিন্দু সমাজের নিপীড়ন থেকে বাঁচতে বিপুল সংখ্যক বাঙালি ইসলাম গ্রহণ করেছিল। ইটন যুক্তি দেখান যে, ইসলাম প্রধানত পূর্ব বঙ্গে শিকড় গেড়েছিল, যেখানে আর্য বা ‘সংস্কৃতায়িত’ সামাজিক কাঠামো অন্য অঞ্চলের মতো গভীরভাবে প্রবেশ করেনি। অর্থাৎ, পূর্ব বঙ্গের মুসলমানরা ধর্মান্তরিত হওয়ার আগে অবধারিতভাবে ‘হিন্দু’ বা ‘বৌদ্ধ’ ছিল না। বরং অনেক আদিবাসী জনগোষ্ঠী যারা অনার্য সংস্কৃতির অধিকারী ছিল, তারা বিশেষ কোনো ব্রাহ্মণ বা বৌদ্ধ প্রভাব ছাড়াই ইসলামের সংস্পর্শে এসেছিল। এখানে ইটন যে ইসলামের কথা বলেছেন, তা তলোয়ার বা বাণিজ্যের মাধ্যমে আসেনি; বরং এসেছে ক্যারিশম্যাটিক সুফি পীর ও আউলিয়াদের মাধ্যমে, যাঁরা আজও বাংলাদেশের অসংখ্য মাজার বা দরগায় আধ্যাত্মিকভাবে জীবন্ত হয়ে আছেন।

আদিবাসী কে?

তুর্কি বা মোগল শাসনের সময় পূর্ব বঙ্গে কোন আদিবাসী সম্প্রদায়গুলো বাস করত? এই আলোচনার আগে বলে রাখা ভালো যে, সম্প্রতি বাংলাদেশের সরকারি মহলে ‘আদিবাসী’ (indigenous) শব্দটি এক প্রকার ত্যাজ্য হয়ে উঠেছে। কারণ আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বারবার সমালোচনার মুখে পড়েছে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের তথাকথিত ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’র প্রতি আচরণের জন্য, যারা এখন জাতিসংঘের পরিভাষা অনুযায়ী ‘আদিবাসী’ হিসেবে পরিচিত হতে চায়। অধিকার লঙ্ঘনের অভিযোগ এড়াতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রায়ই যুক্তি দেন যে বাংলাদেশে কোনো ‘আদিবাসী’ নেই।

এমনকি কোনো কোনো সরকারি মুখপাত্র এমনও বলেছেন যে, যারা আদিবাসী দাবি করছে তারা আসলে ‘যাযাবর’ বা ‘সাম্প্রতিক অভিবাসী’ এবং বাঙালিরাই হলো এদেশের প্রকৃত আদিবাসী। গত দুই দশক ধরে বেসামরিক ও সামরিক আমলারা এই অবস্থান নিয়ে চলছেন। মজার ব্যাপার হলো, এই অবস্থান অনেক মর্যাদা-সচেতন বাঙালির আত্মপরিচয়ের সাথে সাংঘর্ষিক, যারা মনে করেন তাদের পূর্বপুরুষরা বাইরে থেকে এসেছেন। উদাহরণস্বরূপ, বাঙালি ব্রাহ্মণ বা উচ্চবর্ণের হিন্দুরা যারা নিজেদের আর্য বংশোদ্ভূত মনে করেন, তারা প্রকারান্তরে অ-আদিবাসী বংশ পরিচয়ই দাবি করছেন। একইভাবে বাঙালি মুসলমানদের মধ্যে যারা নিজেদের শেখ, সৈয়দ, মোগল বা পাঠান দাবি করেন, তারাও কিন্তু দাবি করছেন যে তাদের পূর্বপুরুষরা বাংলার বাইরে থেকে এসেছেন।

ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখলে দেখা যায়, বাংলা ভাষার ইতিহাসে আর্য প্রভাব থাকলেও এর কাঠামো ও শব্দভাণ্ডারে মুণ্ডা ও সাঁওতালি ভাষার মতো অনার্য অস্ট্রো-এশিয়াটিক ভাষার গভীর প্রভাব রয়েছে। দ্বিতীয়ত, ভোট-বর্মি ভাষা পরিবারের (যেমন, কোচ, গারো, ককবরক, মৈতৈ, মারমা ইত্যাদি) প্রভাবও অনস্বীকার্য। অর্থাৎ, আজকের বাংলা ভাষা ও বাঙালি পরিচয় গঠনে অস্ট্রো-এশিয়াটিক এবং ভোট-বর্মি ভাষী আদিবাসী জনগোষ্ঠীগুলোর বিশাল অবদান রয়েছে।

বিদেশি উৎসের সন্ধান

সাংস্কৃতিক বা ভাষাগত রূপান্তরের মাধ্যমে অনেক আদিবাসী গোষ্ঠী যে বাঙালি হয়ে উঠেছে, তার বেশ কিছু প্রমাণ আছে। যেমন, রায়, রাজবংশী বা বর্মন উপাধিধারী অনেক মানুষ যারা এখন বাংলা বলেন এবং নিজেদের ‘ক্ষত্রিয়’ হিন্দু দাবি করেন, বিভিন্ন ঐতিহাসিক ও এথনোগ্রাফিক তথ্য অনুযায়ী তারা মূলত কোচ বা বোড়ো (Bodo) বংশোদ্ভূত। কিন্তু আজ খুব কম মানুষই তা স্বীকার করবেন। এমনকি অনেক বাঙালি মুসলমান পরিবারও ‘শেখ’, ‘সৈয়দ’ বা ‘খান’ উপাধি গ্রহণের পর তাদের আদি শিকড় সম্পর্কে তথ্য প্রকাশ করতে চান না।

উদাহরণস্বরূপ ‘খান’ উপাধিটির কথা ধরা যাক। এটি একটি মঙ্গোল শব্দ যা তুর্কি ভাষায়ও প্রচলিত। মোগল সম্রাটরা এটি অনুসারীদের উপাধি হিসেবে দিতেন। আমার এক সহকর্মী গর্ব করে বলতেন তাঁর পূর্বপুরুষ আফগানিস্তান থেকে এসেছেন। তাঁর শ্যামলা গায়ের রঙ দেখে অন্য এক সহকর্মী একবার কৌতুক করে বলেছিলেন, ‘ভায়া তামিলনাড়ু’, অর্থাৎ তিনি দক্ষিণ ভারতীয় বংশোদ্ভূত হতে পারেন!

উপরে উল্লিখিত  ঘটনাটি রেস (race) এবং ভাষা বা সংস্কৃতির মধ্যকার সম্পর্ক বিষয়ক বিভ্রান্তিকে তুলে ধরে। আধুনিক নৃবিজ্ঞান ‘রেস’ বা বর্ণবাদী ধারণাগুলোকে বাতিল করে দিয়েছে। একই ভাষায় কথা বলা মানুষের বংশগতি ভিন্ন হতে পারে, আবার একই বংশের মানুষ ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলতে পারে।

অসহিষ্ণু জাতিরাষ্ট্র

দুর্ভাগ্যবশত, মানুষের বৈচিত্র্য সম্পর্কে বর্ণবাদী ধারণাগুলো এখনও বিশ্বজুড়ে টিকে আছে। কারণ আমাদের পাঠ্যবই, গণমাধ্যম, শিল্প ও সাহিত্যে এই ভুল ধারণাগুলোই বারবার প্রচার করা হয়।

ইন্টারনেটের যুগে জাতীয়তাবাদ (Nationalism) – যা মূলত বিকশিত হয়েছিল ‘মুদ্রণ পুঁজিবাদ’-এর প্রসারের সময়কালে[3] – কতটুকু প্রাসঙ্গিক?  আমরা কি যোগাযোগ প্রযুক্তির এই যুগে আমাদের  বিবিধি পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারি না? এই প্রশ্নগুলো আজ বাঙালি, আদিবাসী বা বিবিধ পরিচয়ের অন্য সবার জন্যই গুরুত্বপূর্ণ। আধুনিক রাষ্ট্রগুলো যখন তার নাগরিকদের বিবিধ পরিচয় ও আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে, তখন এই ভাবনাগুলো আরও জরুরি হয়ে ওঠে।

টীকা


[1] এই লেখাটি আমার ব্যক্তিগত ইংরেজি ব্লগ Neolithic Musings-এ প্রকাশিত “The Roots of Bangladeshi Identities” নামক পোস্টের অনুবাদ (যে কাজে এআই ‘জেমিনি’র সহায়তা নেওয়া হয়েছে, যদিও এআই-কৃত অনুবাদ লেখকের নিজের সম্পাদনার ভিত্তিতে কিছুটা পরিশীলিত করা হয়েছে)। উল্লিখিত ইংরেজি ব্লগ পোস্টটি  হল ১১ অক্টোবর ২০১২-এ Himal Southasian-এ প্রকাশিত ‘Becoming Bangladeshi’ নামক একটি প্রবন্ধের অংশবিশেষ। উল্লেখ্য যে, হিমাল-এ প্রকাশিত প্রবন্ধটি মূলত আমার জমা দেওয়া আরও দীর্ঘ একটি লেখা থেকে তৈরি হয়েছে, যার শিরোনাম ছিল: ‘Two Weddings, a Funeral, and Riots in Assam: Musings on Genes, Memes and the Psychic Unity of Humanity’। পরিমার্জন প্রক্রিয়ায় আমার মূল লেখার যে অংশগুলো বাদ পড়েছিল, সেগুলির ভিত্তিতে সাজানো আমার একটি লেখার লিংক এখানে দেওয়া হল: Random Musings on Identity।

[2] আমার মূল ইংরেজি লেখায় ‘দক্ষিণ এশিয়া’-র বিশেষণ হিসাবে ব্যবহৃত শব্দটি ‘Southasian’ (South Asian নয়!)   যারা Himal Southasian-এর সাথে পরিচিত, তারা হয়তো জানেন যে এই পত্রিকাটি ভৌগোলিক বিভাগ হিসেবে ‘South Asia’ (দক্ষিণ এশিয়া) শব্দটিকে একটি একক শব্দ (Southasia) হিসেবে ব্যবহার করে। এই ব্যবহারের ব্যাখ্যা তাদের ওয়েবসাইটের এখানে দেওয়া হয়েছে।

[3] ‘প্রিন্ট ক্যাপিটালিজম’ (Print capitalism) বা ‘মুদ্রণ পুঁজিবাদ’ ধারণাটি এখানে বেনেডিক্ট অ্যান্ডারসন তাঁর ‘ইমাজিন্ড কমিউনিটিস’ (Imagined Communities) গ্রন্থে যেভাবে ব্যবহার করেছেন, সেই অর্থেই ব্যবহৃত হয়েছে।

ভূমিকম্পের নৃবিজ্ঞান

~ প্রশান্ত ত্রিপুরা ~

ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়ার পর অনেকের মত আমিও ফেসবুকে পোস্ট দিয়েছি বিভিন্ন সময়ে। নিজের এসব পোস্টে অনেক সময়ই সামনে চলে এসেছে আমার আগ্রহের কেন্দ্রে থাকা কিছু ভাষাবৈজ্ঞানিক বা নৃবৈজ্ঞানিক কৌতূহল। এই প্রেক্ষাপটে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে নিজের কয়েকটি ফেসবুক পোস্টে উঠে আসা আলাপকে একত্র করে সাজিয়েছি এই লেখাটি। কথাটা শুরুতেই বলে দিলাম যাতে ‘ভূমিকম্পের নৃবিজ্ঞান’ শিরোনাম দেখে কোনো পাঠক ধরে না নেন যে এটি সংশ্লিষ্ট বিষয়ে একটা নৈর্ব্যক্তিক ও প্রণালীবদ্ধ নিবন্ধ। তেমন কোনো লেখা কেমন হতে পারে, তার একটা সংক্ষিপ্ত নমুনা আমি প্রথম টীকায় পেশ করেছি, যা মূলত গুগল থেকে নেওয়া হয়েছে ‘এআই’-এর সহায়তায়।[1] তবে নিচে নিজের ফেসবুক টাইমলাইন থেকে তুলে আনা যেসব কথা এক সূত্রে গাঁথা হয়েছে, সেগুলি কোন অর্থে ‘ভূমিকম্পের নৃবিজ্ঞান’ শিরোনামের আওতায় পরিবেশিত হতে পারে, তা আশা করি আলাদা করে ব্যাখ্যা করা লাগবে না।   

ভূমিকম্প আর ভাসুর কেন এক কাতারে  

বলা হয়ে থাকে, ভাসুরের নাম মুখে নিতে নেই। কেন, তা নিয়ে ভেবে দেখলেই বোঝা যায় এর পেছনে রয়েছে পরিবার কাঠামো তথা ক্ষমতা সম্পর্ক, নির্দিষ্ট করে বললে পিতৃতান্ত্রিক পরিসরে বৈবাহিক সূত্রে অধস্তন ভূমিকায় থাকা নারীর মনে কাজ করা ভীতি তথা এই প্রেক্ষিতে অনুসৃত একটা বিশেষ ভাষিক-সাংস্কৃতিক চর্চা। একই চর্চা দেখা যায় বনাঞ্চলের অধিবাসীদের অনেকের মধ্যে, যারা বাঘ বা হাতির মত প্রাণীদের নাম সরাসরি নেয় না। কাজেই, ২০১৬ সালের ৪ঠা জানুয়ারির একটা ভূমিকম্পের ঘটনার পর যখন পঞ্চগড়ে বড় হওয়া একজনের কাছে আমি জানতে পারি, স্থানীয় ভাষায় ‘ভূমিকম্প’ অর্থে ব্যবহৃত শব্দ  (‘মৈশাল’) মুখে উচ্চারণ করা যায় না, এমন সংস্কার নাকি প্রচলিতে ছিল তাদের পরিবারে, আমি অবাক হইনি।

ভূমিকম্প ও সামাজিক বন্ধন/ফাটল[2]

২১ নভেম্বর ২০২৫ সকাল ১০.৩৮ টায় একটা ভূমিকম্পের ধাক্কা ঢাকায় বসে আমরা অনেকেই বেশ ভালোভাবে টের পেয়েছিলাম। সেই সময় আমি কিছুটা অলস সময় কাটাচ্ছিলাম ফেসবুকে। এই অবস্থায় হঠাৎ যখন বেশ বড় একটা ঝাঁকুনি টের পেলাম, আমি যে ঘরে ছিলাম সেটির দরজার চৌকাঠের নিচে দাঁড়িয়ে বাসায় থাকা অন্যদের ডাক দিলাম তারাও যেন এমন কোনো জায়গায় দাঁড়ায়। … কিছুক্ষণ পর যখন মনে হল, আর কোনো ঝাঁকুনি আসবে না, অনেকের মত আমিও ফেসবুকে স্ট্যাটাস লিখতে বসে গেলাম 😃 আর হোয়াটস্‌এপে সক্রিয় হয়ে ওঠা দু’একটা গ্রুপের চ্যাটে যোগ দিলাম একটুখানি। এরপর বারান্দায় গিয়ে দাঁড়ালাম একটু, যখন দেখতে পেলাম, আশেপাশের ভবন থেকে বেরিয়ে আসা অনেক মানুষ – একটা বড় অংশ নারী আর শিশু – আমাদের আবাসিক এলাকার ভেতরের রাস্তায় ভিড় করে আছে, কেউবা দাঁড়িয়ে, অনেকে বসে, আবার বাচ্চারা অনেকে মাঠে ছুটাছুটি করছে। …

বলা বাহুল্য, কয়েক সেকেন্ডের ঝাঁকুনি আমাদের অনেককে হঠাৎ করে একই পরিসরে (ঘরের ভেতরে, রাস্তায় বা ভার্চুয়ালি) টেনে আনার পর আমরা অনেকেই আমাদের জীবনের প্রাত্যহিক ছন্দের বাইরে গিয়ে তাৎক্ষণিকভাবে জেগে ওঠা সামাজিক মিথষ্ক্রিয়া, সহমর্মিতা, আলাপচারিতা ইত্যাদিতে মেতে উঠেছিলাম।

তবে যে কোনো বিপদের সময় সমাজের বহু মানুষের একে অপরের কাছে ছুটে যাওয়ার, পাশে দাঁড়ানোর প্রবণতার বিপরীতে ভিন্ন আরেকটা ধারাও দেখা যায়, যেখানে সমাজের নানান ফাটল হয়ত আরও বড় হয়ে দেখা দিতে পারে। কথাটা মনে পড়ল বেলা ১টার পর বাসা থেকে বেরিয়ে উত্তরার দিকে যাওয়ার সময় পথে এক জায়গায় মাইকে ভেসে আসা কিছু কথা শোনার পর। শুনলাম, কে যেন ব্যাখ্যা করছেন ‘ভূমিকম্প কেন হয়’। এ ধরনের আলাপ পরে ফেসবুকেও কিছুটা চোখে পড়েছে। এসবের সূত্রে মনে পড়ে গেল ‘জাদু’[3] ও ‘উইচক্রাফট’ বিষয়ক একটা পুরানো নৃবৈজ্ঞানিক ব্যাখ্যা, সেটা এই যে, যুগে যুগে বিভিন্ন সমাজে যেভাবে অনেককে ‘উইচ’ (ডাইনি/ক্ষতিকর জাদুবিদ্যার চর্চাকারী) হিসাবে চিহ্নিত করা হয়, তার পেছনে এক ধরনের সমাজতত্ত্ব কাজ করে। দেখা যায়, উইচক্রাফট বিষয়ক বিভিন্ন বিশ্বাস ও সামাজিক চর্চার মধ্যে সমাজে বিদ্যমান বিভিন্ন অসমতা ও বৈষম্যগুলোকে টিকিয়ে রাখার, আরও পোক্ত করার চেষ্টা দেখা যায়।

যাদেরকে আমরা দেখতে পারি না, তাদের উপর দোষ চাপিয়ে, বা তাদের বিশেষ কোনো বৈশিষ্ট্যের দিকে আঙুল তুলে, আমরা নানা ধরনের বয়ান তৈরি করি, কেন ভূমিকম্পের মত বিপদ হঠাৎ করে ধেয়ে আসল! ইভান্স প্রিচার্ড নামের একজন নৃবিজ্ঞানী বোঝার চেষ্টা করেছিলেন এমন চিন্তার পেছনের যুক্তিগুলিকে। যেমন, আজান্দে নামের একটি জনগোষ্ঠীর একটা গ্রামে দেখা গিয়েছিল, উইয়ে খাওয়া খুঁটি ভেঙে যাওয়াতে যখন ধসে পড়া একটি গোলাঘরের নিচে চাপা পড়ে একজন মানুষ মারা যায়, এর জন্য স্থানীয়রা সবাই দায়ী ‘উইচ’কে খোঁজায় ব্যস্ত হয়ে উঠেছিল। যখন ইভান্স-প্রিচার্ড তাদেরকে বললেন, “আপনারা কি কেউই খেয়াল করেননি যে গোলাঘর ধসে পড়ার আসল কারণ হল উইপোকা?”, উত্তর এসেছিল, “সেটাতো আমরা জানি। কিন্তু যে মুহূর্তে গোলাঘর ভেঙে পড়বে, ঠিক তখনই কেন সেখানে লোকটি শুয়ে ছিল (যে মারা যায়)?” এই ‘কার্যকারণ’ হল উইচক্রাফটের ফল!

যদি আমরা আমাদের চোখ থেকে সকল ঔপনিবেশিক বা ‘ওরিয়েন্টালিস্ট’ চশমা সরিয়েও ফেলি, একটা ভাবনা মনে ঘুরপাক খেতেই থাকে, আমাদের চারপাশে যেভাবে বহু মানুষ এক ধরনের জাদু-সুলভ চিন্তাচেতনা দ্বারা তাড়িত, সেখানে ভিন্ন ধরনের যুক্তিতর্ক দৃষ্টিভঙ্গী প্রতিষ্ঠা করার সুযোগ কতটা আছে? যে কংক্রিটের জঙ্গলে আমরা অনেকেই এক ধরনের ‘পেজ্যান্ট’ সংস্কৃতির আবহে বাস করি, সেখানে কতটুকু সর্বজনীন একটা নতুন ধারার ‘নাগরিক’ বোধ তৈরি করা সম্ভব?    

ভূমিকম্পের ধাক্কায় সামনে আসা ভাষিক বৈচিত্রের মানচিত্র

২০২৩ সালের ২রা ডিসেম্বর তারিখে একটা ভূমিকম্প আমরা অনেকেই টের পেয়েছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গায়। সেই প্রেক্ষিতে সেদিনকার একটা ফেসবুক পোস্ট আমি শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে, “আজ কি আপনারা কেউ চিৎকার করে ‘বাংলা’, ‘বুইসাল’, ‘মইশাল’, ‘ভুজোল’, ‘ভুইকাপ’ বা এমন কোনো শব্দ উচ্চারণ করে উঠেছেন, বা অন্য কাউকে তা করতে শুনেছেন?” একই দিনে, ভূমিকম্পের ককবরক (ত্রিপুরা) প্রতিশব্দ ব্যবহার করে ফেসবুকে আরেকটা পোস্ট দিয়েছিলাম। এ প্রসঙ্গে ২০১৬ সালের একটা ফেসবুক পোস্টের মত করে নতুন করে আবার ফেসবুক বন্ধুদের বলেছিলাম যে, তাঁরা যদি বাস্তবে কোনো ত্রিপুরাকে ‘বাংলা!’ ‘বাংলা!’ চিৎকার করতে করতে ছোটাছুটি করতে দেখেন, এর মধ্যে ভাষাগত বা সাম্প্রদায়িক ভীতি যেন কেউ খুঁজতে না যান, যেহেতু ককবরকে ‘বাংলা’ বলতে বোঝায় ভূমিকম্প (এবং এক্ষেত্রে ভাষার নাম হিসাবে ব্যবহৃত ‘বাংলা’ শব্দের সাথে মিলটা স্রেফ কাকতালীয়)। 😃

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ঠা জানুয়ারি বেশ জোরালো একটা ভূমিকম্প যখন মণিপুরের ইম্ফলসহ আশেপাশের অনেক জায়গায় (বাংলাদেশেও) ঝাঁকুনি দিয়েছিল, সেদিন একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুক বন্ধুদের কাছে জানতে চেয়ে, ভূমিকম্পকে নিজেদের অঞ্চলে প্রচলিত ‘আঞ্চলিক বাংলা’ বা অন্য কোনো ভাষায় কে কি নামে চেনেন। অবশ্য পোস্টটা দেওয়ার আগেই ঘটনাক্রমে সেদিন আমি জেনে গিয়েছিলাম যে পঞ্চগড়ে অনেকে ভূমিকম্পকে ‘মৈশাল’ বলে। এরপর ফেসবুক বন্ধুদের কাছ থেকে ব্যুৎপত্তিগতভাবে সমতুল্য আরও বেশ কিছু শব্দের হদিস পেয়েছিলাম, যেগুলির কয়েকটি উপরে উল্লেখ করেছি। নিচে এসব শব্দের কোনটি কারা কোথায় ব্যবহার করে, তার একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হল।

ভূমিকম্পকে সিলেটে নাকি ‘বুইসাল’ বলা হয়, এবং বিষ্ণুপ্রিয়া ভাষায়ও সম্ভবত একই রকমের শব্দ রয়েছে। চাটগাঁইয়ারা কেউবা বলে ভুচাল বা ভুচল, কেউবা ভুজল; চাকমা ভাষায় ‘ভুজল’ বা ‘ভুজোল’; দিনাজপুরে ‘ভুইশাল’; টাঙ্গাইলের কিছু এলাকায় ‘ভুইকাপ’। ভূমিকম্পের ককবরক প্রতিশব্দ ‘বাংলা’র সাথে স্পষ্ট মিল রয়েছে ডিমাছা (এবং সম্ভবত কাছাড়ি) ভাষায় প্রচলিত ‘বাংগ্লা’ এবং বোরো ‘বাংরি’র। এসবের বাইরে খুমি, বম, রাখাইন ইত্যাদি ভাষার যে নমুনাগুলি সেদিন জেনেছিলাম আমার ফেসবুক বন্ধুদের কাছ থেকে, সেগুলি ভিন্ন ধরনের ছিল।[4] তবে এমন বিভিন্ন ভাষায় ভূমিকম্প-বাচক শব্দসমূহের একটা পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা গেলে হয়তবা মইশাল/বুইসাল/ভুচল/ভুজোল বা বাংলা/বাংগ্রি/বাংরি-র মত ব্যুৎপত্তিগত সমগোত্রীয় আরও কিছু ‘ক্লাস্টার’ শনাক্ত করা যাবে। এ ধরনের বিষয়ে যাঁরা ঘাঁটাঘাঁটি করতে আগ্রহী, তাঁরা আরও ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারেন।

টীকা


[1] ভূমিকম্পের নৃবিজ্ঞান (Anthropology of Earthquakes) বলতে বোঝায় ভূমিকম্পের ঘটনাকে কেন্দ্র করে মানুষের আচরণ, সাংস্কৃতিক বিশ্বাস এবং সামাজিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা। এটি একটি বিশেষায়িত ক্ষেত্র, যা প্রাকৃতিক দুর্যোগকে নিছক ভূতাত্ত্বিক ঘটনা হিসেবে না দেখে মানুষের অভিজ্ঞতা ও সংস্কৃতির অংশ হিসেবে বিশ্লেষণ করে।

এই গবেষণার প্রধান বিষয়গুলো হলো:

  • সাংস্কৃতিক ব্যাখ্যা ও বিশ্বাস: বিভিন্ন সংস্কৃতিতে ভূমিকম্পকে কীভাবে দেখা হয়? অনেক ঐতিহ্যবাহী সমাজে একে দেবতাদের ক্রোধ বা অশুভ শক্তির কাজ বলে মনে করা হয়, যা মানুষের আচরণ এবং দুর্যোগের পরবর্তী কর্মকাণ্ডকে প্রভাবিত করে।
  • সামাজিক কাঠামোতে প্রভাব: ভূমিকম্পের মতো বড় দুর্যোগ একটি সমাজের বিদ্যমান কাঠামো, যেমন—পরিবার, সম্প্রদায় এবং অর্থনৈতিক ব্যবস্থাকে কীভাবে প্রভাবিত করে বা পরিবর্তন করে দেয়, তা নৃবিজ্ঞানীরা খতিয়ে দেখেন।
  • স্মৃতি ও প্রজন্ম: একটি দুর্যোগের স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কীভাবে বাহিত হয় এবং তা ওই সম্প্রদায়ের সম্মিলিত চেতনা ও ভবিষ্যৎ প্রস্তুতির ওপর কী প্রভাব ফেলে, তা এই গবেষণার অন্তর্ভুক্ত।
  • পুনর্গঠন ও স্থিতিস্থাপকতা (Resilience): দুর্যোগের পর একটি সমাজ কীভাবে নিজেদের গুছিয়ে তোলে (পুনর্গঠন প্রক্রিয়া), এবং এই পুনরুদ্ধারের কাজে স্থানীয় জ্ঞান ও প্রথাগুলো কতটা কার্যকর ভূমিকা পালন করে, তাও নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়।

সহজ কথায়, ভূমিকম্পের নৃবিজ্ঞান মূলত প্রাকৃতিক বিপর্যয়ের মুখে মানুষের মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলো বোঝার চেষ্টা করে।

[2] লেখার এই অংশটি এসেছে  ২১ নভেম্বর ২০২৫ লেখা ‘ভূমিকম্পের উপর একটা নৃবৈজ্ঞানিক নোট’ শীর্ষক একটি ফেসবুক নোট থেকে।

[3] ‘জাদু’ ধারণাটি নৃবিজ্ঞানে যে অর্থে ব্যবহৃত হয়, সে বিষয়ক আমার নিজের একটি লেখা রয়েছে এই ব্লগে, যা পাঠক চাইলে দেখে  নিতে পারেন:  জাদু, ধর্ম ও বিজ্ঞান।

[4] আগ্রহী পাঠক চাইলে নমুনাগুলি দেখে নিতে পারেন আমার  ৪ জানুয়ারি ২০১৬-এর ফেসবুক পোস্ট-এর মন্তব্যের ঘরে।